দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান।

নিহতদের মধ্যে একজন প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জের বড়আলমপাড়া এলাকার মো. মন্টু মিয়ার ছেলে। বাকি নিহতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সকালে একটি পণ্যবোঝাই ট্রাক মহাসড়কে দাঁড়ানো ছিল। এ সময় সিলেট অভিমুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারচালক ও আরেকজন আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ দুর্ঘটনায় আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান। আহত বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।