‘দহন’ নয়, ঈদে আসছে ‘বেপরোয়া’

ঈদুল ফিতরে হল কাঁপিয়েছে সিয়াম আহমেদ ও পূজা চেরীর ‌‘পোড়ামন-২’। দর্শক মহলে প্রশংসিত হওয়ার পাশাপাশি দারুণ ব্যবসা সফল হয়েছে সিনেমাটি।

এদিকে গেল জুন মাসে জাজ মাল্টিমিডিয়া থেকে ঘোষণা এসেছিল সিয়ামের নতুন ছবি ‘দহন’ ঈদুল আজহায় মুক্তির টার্গেট করে নির্মিত হচ্ছে। তবে জাজের কর্ণধার আবদুল আজিজ জানালেন, ঈদে ‘দহন’ মুক্তির সম্ভাবনা নেই। এর পরিবর্তে ‘বেপরোয়া’ মুক্তি পাবে।

‘বেপরোয়া’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও ববি। পরিচালনা করেছেন কলকাতার মসলাদার বাণিজ্যিক ছবির সুপারহিট নির্মাতা রাজা চন্দ।

আবদুল আজিজ জানান, ‘দহন’ সামাজিক থ্রিলার গল্পের ছবি। এতে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে। নিখুঁতভাবে সেগুলো করতে হলে লম্বা সময়ের প্রয়োজন। ঈদের আগে ‘দহন’র শুটিং শেষ করতে পারলেও ভিএফএক্সের কাজ শেষ করা সম্ভব হবে না। শুধু ভিএফএক্স নয়, পোস্ট প্রডাকশনের আরও কাজ রয়েছে। সেগুলো করতেও সময় লাগবে। তাই ‘দহন’ সরিয়ে ‘বেপরোয়া’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। গতকাল ‘বেপরোয়া’র ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এই ছবিটা মুক্তির জন্য প্রস্তুত আছে।

আসন্ন ঈদে ‘বেপরোয়া’ মুক্তি পাবে খবরটি নিশ্চিত করেছেন নায়ক রোশান নিজেও। উচ্ছ্বাস ভরা কণ্ঠে জানালেন, ‘বেপরোয়া’ ঈদুল আজহায় মুক্তি পাবে। এতে ববি-রোশান ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।

প্রসঙ্গত, ‘রক্ত’ দিয়ে রোশানের অভিষেক হয় ২০১৬ সালে। এরপর আরও দুটি ছবি মুক্তি পায় তার।