দখলীকৃত গোলান মালভূমিতে প্রবেশকারী সিরীয় বিমান ভূপাতিত করলো ইসরাইল

দখলীকৃত গোলান মালভূমিতে অনুপ্রবেশকারী একটি সিরীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে ইসরাইল। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরাইলী সেনাবাহিনী। খবর আল জাজিরার।

খবরে বলা হয়, বর্তমানে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর তুমুল লড়াই চলছে। এমতাবস্থায় একটি যুদ্ধবিমান গোলান মালভূমির ইসরাইলী সীমানায় ঢুকে পড়লে সেটিকে গুলি করে ভূপাতিত করে দেয় ইসরাইলী সেনাবাহিনী।

ইসরাইলী সেনাবাহিনীর মুখপাত্র ল্যাফটেনান্ট-কর্নেল জোনাথান কনরিকাস বলেন, সিরীয় ‘সুখোই’ যুদ্ধবিমানটি ইসরাইলী সীমানা ভেদ করার আগে বেশ দ্রুত গতিতে এগিয়ে আসছিল।

তিনি জানান, বিমানটি ইচ্ছাকৃতভাবে ইসরাইলের সীমানায় ঢুকে পড়েছিল কিনা তা জানা যায়নি। এমনকি বিমানের পাইলটের পরিণতি কি হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

সামরিক বাহিনী বিমানটি পর্যবেক্ষণ করছিল ও ওটি ইসরাইলী আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে এটিকে দু’টি ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়।