দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তৃতীয়বারের মতো ‘সিউল-বাংলা চলচ্চিত্র উত্সব’ আয়োজন করা হচ্ছে। তিনদিনের এই উত্সব শুরু হতে যাচ্ছে ২০ জুলাই। যেখানে বাংলাদেশের বাংলাদেশের চারটি ছবি দেখানো হবে ।
উত্সবে দেখানো হবে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। যেখানে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা প্রমুখ। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ইরফান খান, তিশা, পর্নো মিত্র প্রমুখ। আকরাম খান পরিচালিত ‘খাঁচা’।
এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আজাদ আবুল কালাম প্রমুখ। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’। এখানে অভিনয় করেছেন পরী মনি, ইয়াশ রোহান প্রমুখ। চারটি চলচ্চিত্রে মধ্যে তিনটি চলচ্চিত্র অন্যান্য উত্সবে অংশগ্রহণ করলেও ‘স্বপ্নজাল’ প্রথমবারের মতো এ ধরনের কোনো আয়োজনে যাচ্ছে।
এদিকে ‘স্বপ্নজাল’ অংশ নেওয়ার প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘প্রথমবারের মাতো কোনো চলচ্চিত্র উত্সবে স্বপ্নজাল দেখানো হবে। এটি আমার জন্য বেশ আনন্দের একটি খবর। বিভিন্ন দেশে চলচ্চিত্রটি যখন মুক্তি পায় তখন দেশের বাইরের অনেকেই ছবিটি দেখেছেন। তবে চলচ্চিত্র উত্সবে চলচ্চিত্র দেখানো অন্যরকম এক ভালো লাগার বিষয়।’ তৌকির আহমেদ বলেন, ‘হালদা নিয়ে এখন পর্যন্ত বেশ প্রশংসা পেয়েছি। এর আগেও চলচ্চিত্র উত্সবে ‘হালদা’ দেখানো হয়েছে। আশা করি ভালো সাড়া পাওয়া যাবে।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘নিজের চলচ্চিত্র কোথাও প্রদর্শন করা হলে ভালো লাগে। উত্সবে ডুব যারা দেখবেন তাদের ভালো লাগবে আশা করি।’
আকরাম খান বলেন, ‘খাঁচা ছবিটি এবার কোরিয়ায় চলচ্চিত্র উত্সবে প্রদর্শন করা হবে। সবার ভালো লাগবে আশা করি।’
