দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যেই ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট দূরত্বে অবস্থান নিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। অন্যদিকে, নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষিপ্ত মিছিল করছেন বিএনপির নেতাকর্মীরা।
জ্বালিয়ে দেয়া পুলিশের পিকআপ ভ্যানটির নম্বর ২৩১১। এসি, মতিঝিল গাড়িটি ব্যবহার করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পিকআপ ভ্যানটি জ্বালিয়ে দেয়া ছাড়াও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। একটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।
সংঘর্ষে নারীসহ বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে ফিরোজা বেগম নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে।
ঘটনাস্থলে উপস্থিত জাগো নিউজের প্রতিনিধি জানান, বেলা আড়াইটায় সর্বশেষ খবর অনুযায়ী, বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করছেন। অন্যদিকে বিজয়নগর মোড়ে এপিসি ও জলকামানসহ অবস্থান নিয়েছে পুলিশ।
বেলা আড়াইটার পরও ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।
মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, বিনা উসকানিতে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। তিনি বলেন, পুলিশ শুধু তাদের রাস্তা থেকে সরে যেতে বলেছিল, যেন যান চলাচল স্বাভাবিক থাকে। কিন্তু তারা সে কথা না শুনে হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। পরে তারা আমাদের দুটি গাড়ি পুড়িয়ে দেয়। আমাদের কয়েকজন সদস্যও আহত হন।
‘এখন পর্যন্ত পুলিশ ধৈর্য-সহকারে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন দাবি করেন, মিজানুর রহমান ও ফিরোজা বেগম নামে এক নারী বন্দুকের গুলির ছররার আঘাতে রক্তাক্ত হন। এছাড়া আরও ১০ নেতাকর্মী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
