তোপের মুখে প্রিয়াঙ্কা!

মার্কিন টিভি সিরিয়াল কোয়েন্টিকোতে অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। মার্কিন টিভি সিরিয়াল কোয়েন্টিকোর এবাবের পর্বটিই শেষপর্ব। টিআরপি কম থাকার কারণে এই সিরিয়ালটি আর নির্মাণ করতে চাইছে না এবিসি। খবরটা পুরোনো। কিন্তু শেষপর্ব নিয়ে বেশ তোপের মুখে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কোয়েন্টিকোর শেষপর্বে তিনি নাকি ভারতীয়দের জঙ্গি হিসেবে তুলে ধরেছেন। এ নিয়ে ক্ষুব্ধ পুরো দেশের মানুষ। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার ওপর চটেছেন ভারতীয়রা। নিজ দেশের এমন অপমানের পরও প্রিয়াঙ্কা কেন এই সিরিয়ালটিতে অভিনয় করছেন? এমন প্রশ্ন নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার সমালোচনা করছেন। কোয়েন্টিকো ৩-এর গত পর্বে দেখানো হয়েছে, কয়েকজন ভারতীয় নিউইয়র্কের ম্যানহাটনে পরমাণু হামলা চালিয়ে ধ্বংস করার চেষ্টা করে, তারপর দোষ চাপানোর চেষ্টা করে পাকিস্তানের ঘাড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, প্রিয়াঙ্কাকে তার ভক্তরা দেশি গার্লের তকমা দিয়েছেন, তিনি এভাবে দেশের অবমাননার প্রতিবাদ করলেন না কেন? দেশ থেকে এত ভালোবাসা, সম্মান পাওয়া সত্ত্বেও নিজের শোতে কিভাবে দেশের মানুষকে জঙ্গি হিসেবে দেখাতে পারলেন তিনি?

শুধু প্রিয়ঙ্কা নন, কোয়েন্টিকো নির্মাতাকেও ধিক্কার জানিয়েছেন অনেকে। কোয়েন্টিকো ৩ অবশ্য এই সিরিয়ালের শেষ সিজন। টিআরপি ক্রমাগত পড়তে থাকায় সংশ্লিষ্ট চ্যানেল এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেউ কেউ মনে করছেন এমন বিতর্কিত বিষয়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে জনপ্রিয় করতে চাইছেন নির্মাতা।