তেলেগু ছবিতে বাংলাদেশের মেঘলা

মেঘলা মুক্তা। তিনি বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’ নামের ছবিতে অভিনয় করেন মেঘলা।

এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতের তেলেগু ভাষার ছবিতে অভিনয় করেছেন মেঘলা। সম্প্রতি মেঘলা অভিনীত ‘সাকালা কালা ভাল্লাভুডু’ নামের সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশি কন্যা মেঘলার বিপরীতে অভিনয় করেছেন তানিস্ক রেড্ডি।

সিনেমাটি পরিচালনা করেছেন শিবা গণেশ এবং প্রযোজনা করেছে ইউভেন টুরিস্ট টকিং অ্যান্ড সিমভা। অ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেলে তৈরি ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমাটি।

জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে হায়দরাবাদে অডিশন দিয়ে এ ছবিতে অভিনয়ের সুযোগ পান মডেল মেঘলা মুক্তা। সিনেমাটিতে অভিনয়ের জন্য মেঘলাকে তেলেগু ভাষা শিখতে হয়েছে।

এদিকে ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমার পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে মেঘলা লিখেছেন, ‘আমি বিশ্বাস করি যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে নিজের উপর ভরসা রাখুন, সঠিক মনোভাব বজায় রাখুন। যদি আপনি কৃতজ্ঞ হন তা হলে ঈশ্বর আপনার জন্য নতুন দরজা খুলে দেবেন।’

নিজের অভিনীত ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমাটি প্রসঙ্গে মেঘলা বলেন, ‘সিনেমাটির শুটিং, গান ও ডাবিং শেষ। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তি পাবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। এ সিনেমার পোস্টারটি আমাকে রোমাঞ্চিত করেছে। এটি স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ একটি ধাপ।’

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে কেরালা, তামিলনাড়ু ও রামুজি ফিল্ম সিটিতে ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমাটির শুটিং হয়। আগামী মাসের মাঝামাঝি সময়ে সিমোটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।