বিয়েটা জানুয়ারিতে হলেও জানা গেল এপ্রিলে। হ্যাঁ, বিয়ের প্রায় তিন মাস পর মধুর খবরটা ফাঁস করলেন এ সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নাজিরা মৌ। তার স্বামী মিজানুর মুরাদ রহমান পেশায় ব্যবসায়ী। থাকেন যুক্তরাজ্য।
গেল ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি রোস্তোরাঁয় নাজিরা ও মুরাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র ৫-৬ মাস আগে বন্ধুদের মাধ্যমে মুরাদের সঙ্গে নাজিরার পরিচয়। পরিচয়ের সূত্র ধরেই বন্ধুত্ব, মন দেয়া-নেয়া ও অবশেষে পরিণয়।
নাজিরা মৌ বলেন, ‘বিয়ের ৫-৬ মাস আগে আমার এক কমন ফ্রেন্ডের মাধ্যমে মুরাদের সঙ্গে পরিচয় হয়। তবে সে পরিচয় ছিল নিতান্তই বন্ধুত্বের। তারপর মুরাদের সিদ্ধান্ত পরিবারকে জানাতে সবাই রাজি হয়। দুই পরিবারের সিদ্ধান্তেই শুভ কাজটি সম্পন্ন হলো।’
হুট করেই বিয়েটা হয়ে গেছে বলে জানান নাজিরা মৌ। বিয়ের পরই স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমা কাটাতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিগুলো অন্তত তেমনটিই বলছে।
নাজিরা মৌ বলেন, ‘হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। শুধু দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাই সেভাবে সবাইকে জানানো হয়নি। সবার কাছে দোয়া চাইছি, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করলাম সেটা যেন অটুট থাকে।’
বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরুর পর নাটকে হাতেখড়ি হয় নাজিরার। শুরুতেই তৌকির আহমেদ ও অপূর্বসহ নামি অভিনেতাদের সঙ্গে জুটি হয়ে কাজ করেন। এরপর রুপালি পর্দায় উঠে আসেন এ গ্ল্যামারগার্ল।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নন্দিনী’তে তিনি ভারতের প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেন। ছবিটির শুটিং শেষ হলেও এখন সম্পাদনার কাজ চলছে।
