অন্তত এই জিনিসটা চাইতো না বাংলাদেশ, শুরুতেই একটি রানআউট। মিড-অনে খেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন তামিম ইকবাল, তবে একটু দৌড়ে থমকে গেলেন সৌম্য, তাকে দাঁড়িয়ে যেতে দেখে পড়িমড়ি করে ফিরে এলেন তামিম।
সৌম্য এরপর রানের জন্য দৌড়াতে চেয়েও তামিমকে দেখে ঘুরে তার প্রান্তে যেতে চাইলেন, তবে ততক্ষণে ফিঞ্চের থ্রো ভেঙে দিয়েছে স্টাম্প। ওয়ানডেতে ২৭ টি রান আউটে জড়িত ছিলেন তামিম ইকবাল। নিজে আউট হয়েছিলেন ১৫ বার, পার্টনার আউট হয়েছেন ১২ বার। তামিম ক্রিজে থাকা অবস্থায় সৌম্য রান আউট হয়েছেন ৩ বার।
ব্যাটিং স্বর্গ ট্রেন্টব্রিজে অসম্ভব নয় কিছুই
ট্রেন্টব্রিজ ব্যাটসম্যানদের জন্য বরাবরই স্বর্গ। এখানেই ওয়ানডের বিশ্বরেকর্ড ৪৮১ রান হয়েছিল, ৬ উইকেটেই এই রান তুলেছিল ইংল্যান্ড। সেইসঙ্গে এই মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটিও ইংল্যান্ডেরই দখলে। ২০১৫ সালের জুনে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ সামলে ৩৫০ রান তাড়া করেছিল ইংল্যান্ড।
সে রান তাড়ায় ইংলিশরা মাত্র ৩টি উইকেট হারিয়েছিল। জয় নিয়ে মাঠ ছাড়ার সময় ওভার হাতে ছিল ৬টি। বোঝাই যাচ্ছে, ট্রেন্টব্রিজের এই উইকেটে রান হওয়াটাই স্বাভাবিক। তারপরেও অজি বোলারদের সামনে ৩৮২ রান করা আর পাহাড় পাড়ি দেয়া একই কথা। যেহেতু মাঠে খেলছে ওরা ১১ জন,ভরসা রাখতে দোষ কি?
