শনিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ চলাকালে গ্যালারিতেই উপস্থিত ছিল মাশরাফি-পুত্র। ম্যাচটি শেষ হওয়ার পরই বাবার সঙ্গে মাঠে নেমে পড়ে রংপুরের জার্সি পরিহিত সাহেল।
সতীর্থের ছেলেকে পেয়ে কোলে তুলে নেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এরপরই দুজন মিলে মেতে ওঠেন খুনসুটিতে। ছোট্ট সাহেলও কম যায়নি। তামিমের সঙ্গে তাল মিলিয়ে খুনসুটি চালিয়া যায়। তামিম-সাহেলের সেই খুনসুটির মুহূর্তগুলো ধরা পড়ে সেখানে উপস্থিত আলোকচিত্রীর ক্যামেরায়।

মাশরাফি-পুত্রের সঙ্গে তামিমের খুনসুটির দুটি ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, দুজনই নিজেদের মাথার ক্যাপ খুলে হাসি-ঠাট্টায় মেতে উঠেছে।
২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইলের চিত্রাপাড়ের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন মাশরাফি। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথমবারের মতো বাবা হন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। ২০১১ সালের ১৮ মার্চ মাশরাফি-সুমনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় মেয়ে হুমায়রা মুর্তজা।
তিন বছরের মাথায় দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার স্বাদ পান মাশরাফি। মাশরাফির জন্মের ৩১ বছর পর, ২০১৪ সালের ৫ অক্টোবর জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান সাহেল।
