তামিম ইকবাল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন, তখন থেকেই পঞ্চপাণ্ডবের মাঝে বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বোর্ডের সূত্রগুলো বলেছিল, মাহমুদউল্লাহ নাকি তামিমকে চান না। পরবর্তীতে সেই গুঞ্জন হালে পানি পায় দুই বড় নাম সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ঘিরে। এই দুই মহাতারকা একসময় ঘনিষ্ট বন্ধু ছিলেন সেটা সবাই জানে। কিন্তু তাদের মাঝে এখন সম্পর্ক ভালো নয়।
কিছুদিন আগেই খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র’র ওয়েবসাইট ‘উৎপল শুভ্র ডট.কম’-এ দেওয়া সাক্ষাতকারে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান স্বীকার করেছিলেন তামিমের সঙ্গে তার সম্পর্কের অবনতির কথা।
বলেছিলেন, ‘রুবেল কিছু স্ট্যাটাস লেখে না? যেমন জাতীয় ফল খেতে গেলে হাতে তেল মাখাতে হয়… এই জিনিসগুলা আসলে এরকম।’ এছাড়া পঞ্চপাণ্ডবের মাঝে সম্পর্কের টানাপোড়েনের কারণে দেশের ক্রিকেটের ক্ষতির কথাও স্বীকার করেছিলেন। এবার তামিম ইকবালও একই স্বীকারোক্তি দিয়েছেন।
দেশের সেরা ওপেনার এখন চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। পাঁচ মাস ধরে তিনি মাঠের বাইরে। সাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে একই ওয়েবসাইটকে তামিম বলেছেন, ‘এই বন্ধুত্বও আপনারা বানিয়েছেন, এই সম্পর্ক খারাপও কিন্তু আপনারাই বানিয়েছেন। আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি।
গ্যারান্টি দিয়ে বলে দেব, ওয়ার্ল্ডে কোনো টিম নেই, যারা ১১ জন হ্যাপি ফ্যামিলির মতো থাকে। কারও না কারও সাথে কোনো না কোনো কিছু থাকবেই। মাঠের মধ্যে কেউ মন খারাপ করে আছে কি না, রাগ করে আছে কি না, এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস।’
