শোবিজে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রুমানা এলেন খানের উপস্থিতি শূন্যে। তবে কী অভিনয়ে ফেরার সম্ভাবনা নেই এ অভিনেত্রীর?
বর্তমানে আমেরিকায় বসবাস করছেন রুমানা। ঈদের কয়েকদিন আগে দেশে ফিরেছেন। পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করার উদ্দেশেই তার এই সফর।
জানা গেছে, দেশে ফেরার খবর গোপন রেখেছিলেন রুমানা। পরিবারের সদস্যদের বাইরে কাছের কয়েকজন বন্ধুই জানতেন রুমানার দেশে ফেরার খবর। তার দেশে ফেরার খবর শুনে কয়েকজন নির্মাতা ঈদের নাটকে অভিনয়ের প্রস্তাব দেন তাকে।
কিন্তু সেসব প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দেন তিনি। এ ব্যাপারে জানতে চাইলে রুমানা বলেন, ‘সত্যি বলতে কী এখন তো আমি আমেরিকাতেই সংসার নিয়ে পুরোপুরি ব্যস্ত। দেশে এসেছি বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যের সঙ্গে সময় কাটাতে।
ফলে আপাতত অভিনয়ে ফেরার কোনও আগ্রহ নেই। আমি এখন যেভাবে আছি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ।’
এক সময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী আরো বলেন, ‘তবে এটাও সত্যি হয়তো আজ আমার পরিবেশ পরিস্থিতির কারণে অভিনয়ে না ফেরার কথাই বেশ জোর দিয়ে বলছি। আবার হয়তো এমন সময়ও আসতে পারে যখন ক্যামেরার সামনে দাঁড়াতে হতে পারে। মানুষের জীবনে আসলে কোনও কিছুরই তো নিশ্চয়তা নেই। সব আল্লাহর ইচ্ছে।’
জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন রুমানা।
