শঙ্কাই সত্যি হল! নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বাংলাদেশ বনাম শ্রীলংকার ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর তিনটায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা আর সম্ভব হয়নি।
ব্রিস্টলে এখনও মেঘে ছেয়ে আছে আকাশ। অঝোর ধারায় ঝড়ছে বৃষ্টি। বৃষ্টি না থামা অব্দি পরবর্তী কোনো ঘোষণা আসছে না।
গতকাল (সোমবার ১০ জুন) বিকেল থেকে একাধারে কেঁদে চলেছে ব্রিস্টলের আকাশ। থামার লক্ষণও নেই। যেভাবে আকাশ মেঘ সাজিয়েছে, বৃষ্টি নেমে চলেছে এবং ঝড়ো বাতাস বইছে তাতে আজ আদৌ থামবে বলে মনে হচ্ছে না।
এতে করে হুমকির মুখে পড়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে একটি বলও গড়াবে না মাঠে।
তাহলে কিন্তু সর্বনাশ। বিশ্বকাপে মাশরাফিদের শেষচারের সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যাবে। কেননা নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে টানা দুই হারে শেষ চারের সমীকরণ নিদারুণ কঠিন করে তুলেছে কোচ স্টিভ রোডস শিষ্যরা।
দূর্গম সেই পথ সেই পথ সুগম করতে বাকি ৬ ম্যাচের ৫টিই তাদের জিততে হবে। যার মধ্যে এটি একটি। সঙ্গত কারণেই ম্যাচটি তাদের জন্য মাস্ট উইনের তকমা পেয়ে গেছে।
অর্থাৎ এই ম্যাচ থেকে ২ পয়েন্ট না হলেই নয়। একটি পয়েন্টও খোয়ানো চলবে না।
