ঢাকায় নতুন বাড়ি, সংসার গড়তে এসে নিহত শামীমের বাড়িতে চলছে শোকের মাতম

গত সোমবার ভোরে পুলিশ ঢাকার ভাটারা থানার বারিধারা ‘জে’ ব্লকের যমুনা ব্যাংকের এটিএম বুথের ভেতর থেকে উদ্ধার করে শামীম নামের এক মরদেহ। তিনি বারিধারায় নতুন বাড়ি আর নতুন সংসার গড়ার স্বপ্ন দখেছিলেন। কিন্তু নির্মম ঘাতক কেড়ে নিয়েছে তার সকল স্বপ্ন। বাড়ির জন্য কেনা জমিতেই হলো তাঁর অন্তিম ঠিকানা।

বড় ছেলে শামীমকে হারিয়ে বাবা নজরুল ইসলামকে সব ছেড়ে আবার ফিরে আসতে হয়েছে গ্রামে।

মঙ্গলবার রাতে ছেলের মরদেহ নিয়ে তিনি গ্রামে ফিরলে চারিদিকে শোক আর মাতমে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।

মঙ্গলবার বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কিশামত প্রাণকৃঞ্চ গ্রামে শামীমের বাড়িতে গিয়ে দেখা যায়, শামীমের পরিবারের নিজস্ব কেউ নেই তার বাড়িতে। সবাই ঢাকা থেকে রওনা হয়েছেন শামীমের মরদেহ নিয়ে। শামীমের চাচা, ভাই-বোন ও কিছু নিকট আত্মীয়-স্বজনেরা কান্নাকাটি করছেন।

গ্রামবাসীরা আফসোস করছে শামীমের পরিবারের মর্মান্তিক পরিণতির জন্য। নিজের ঠিকানা না থাকায় জ্যাঠাদের বাড়িতেই চলছে শেষ বিদায়ের যাবতীয় প্রস্তুতি। আর নতুন কেনা জায়গায় খোঁড়া হচ্ছে শামীমের কবর।