‘জুমানজি টু’র সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। এরইমধ্যে মুক্তি পেতে যাচ্ছে তার পরবর্তী ছবি ‘স্কাইস্ক্র্যাপার’। ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে আগামী ২০ জুলাই। স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।
‘স্কাইস্ক্র্যাপার’ নিয়ে বেশ আশাবাদী রক। সম্প্রতি হলিউডের পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে রক বলেন, ‘দর্শকদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। অবিশ্বাস্য কিছু কাজ হয়েছে ‘স্কাইস্ক্র্যাপার’-এ। প্রত্যাশার চেয়ে বেশি পাবেন দর্শকরা।’ ২০১৭ সালের সেপ্টেম্বরে ছবিটির কাজ শুরু হয়।
আর চলতি বছরের ফেব্রুয়ারিতে ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। দুই মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেইলারটি ভক্তদের মধ্যে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে। এতে রককে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ২৪০ তলার উপর থেকে লাফ দিতে দেখা যায়। এছাড়া সমুহ বিপদ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে ভয়ংকর কিছু জায়গা থেকে লাফিয়ে পড়তে দেখা যায় তাকে। ছবিতে রক সাবেক এফবিআই এজেন্ট উইল ফোর্ডের চরিত্রে অভিনয় করেন। যিনি চীনে বহুতল ভবনের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত থাকেন।
সমালোচকদের দাবি, ছবিটি কিছুটা ডাই হার্ড এবং মিশন ইম্পসিবল এর মতো করে নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন রওসন মার্শাল থারবার। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। এ ছাড়াও অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, চিন হান, রোল্যান্ড মেরার, পাবলো শেরিবের।
