ভোজনরসিকরা খাবারের পর ডেজার্ট খেতে পছন্দ করেন। আপনি চাইলে পরিবারের সদস্যদের জন্য ঘরে বসেই তৈরি করতে পারেন সুস্বাদু ডেজার্ট। এমন চারটি ডেজার্টের রেসিপি দিয়েছেন নাদিয়া নাতাশা
রোজ আপেল টার্ট
উপকরণ :আপেল ২টি, চিনি ২/৩ চা চামচ, মধু ২ চা চামচ, পানি ১/৩ কাপ, মাখন ১০০ গ্রাম, ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, দারুচিনি গুঁড়া ১/২ চামচ, আইসিং সুগার ২ চা চামচ।
প্রণালি :আপেল পাতলা স্লাইস করে কেটে নিন। এবার প্যানে আপেল, চিনি, ১ চা চামচ মধু, পানি দিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন ৩-৫ মিনিট। এবার পানি থেকে আপেল ছেঁকে উঠিয়ে রাখুন। ময়দা, বেকিং পাউডার বাটার দিয়ে মেখে নিন। অল্প অল্প করে আপেল সিদ্ধ পানিটা থেকে ডো তৈরি করুন। ডো ১৫ মিনিট এয়ার টাইট বক্সে রেখে দিন।
এবার ডো থেকে বড় রুটি বেলুন, ১ ইঞ্চি করে স্লাইস করে কেটে নিন, আপেলের স্লাইসগুলো ডো স্লাইসের ওপর বসিয়ে রোল করে গোলাপ তৈরি করুন। গোলাপ বেকিং করুন ২০০ ডিগ্রিতে ১৫-২০ মিনিট। এবার নামিয়ে মধু ব্রাশ করে আইসিং সুগার ও দারুচিনি গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন মজার এই ডের্জাট।
চকলেট ক্রিম চিজ সুটার
উপকরণ :বেসের জন্য ওরিও বিস্কুট ১ প্যাকেট, বাটার ২ চা চামচ, ফিলিংয়ের জন্য ক্রিম চিজ ২৫০ গ্রাম, হুইপ ক্রিম ৩০০ গ্রাম, আইসিং সুগার ১/২ কাপ, ওরিও বিস্কুট ক্রাশ ১ কাপ, ভ্যানিলা অ্যাসেন্স কয়েক ফোঁটা, চকলেট গানাচ সসের জন্য ডার্ক চকলেট ১ কাপ, হুইপ ক্রিম ১ কাপ, টপিংয়ের জন্য চকলেট বল ক্রাশ ওরিও বিস্কুট।
প্রণালি :বেস তৈরির জন্য ওরিও বিস্কুট ক্রাশ করে বাটার মিক্স করে সার্ভিং গ্লাসের নিচে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। এবার ক্রিম চিজ কেকের জন্য ক্রিম চিজ বিট করে তাতে আইসিং সুগার ও হুইপিং ক্রিম, ভ্যানিলা অ্যাসেন্স যোগ করে আলতো করে ক্রাশ করা ওরিও বিস্কুট মিশিয়ে বিস্কুটের লেয়ারের ওপর দিতে হবে। এবার ডার্ক চকলেট মাইক্রো ওভেনে গলিয়ে নিয়ে তাতে হুইপ ক্রিম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার ক্রিম চিজের লেয়ারের ওপর চকলেটের লেয়ার দিন। এভাবে চকলেটের লেয়ারের ওপর আরেকবার ক্রিম চিজের লেয়ার দিন। নরমাল ফ্রিজে রাখুন ১ ঘণ্টার জন্য।
ওপরে ওরিও বিস্কুট ক্রাশ ও চকলেট বল দিয়ে পরিবেশন করুন।
ভ্যানিলা আইসক্রিম
উপকরণ :হেভি হুইপিং ক্রিম ১ কাপ, ঘন দুধ ১ কাপ, ডিমের কুসুম ২টি, কনডেন্সড মিল্ক ৫ টেবিল চামচ, ভ্যানিলা অ্যাসেন্স ১ চা চামচ।
প্রণালি :প্রথমে ঘন দুধের সাথে ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ চুলায় মাঝারি আঁচে জ্বাল দিয়ে মিশ্রণটি একেবারে ঘন করে নিন। এখন এই কুসুম এবং দুধের মিশ্রণ ফ্রিজে রেখে পুরোপুরি ঠাণ্ডা করে নিন। এখন একটি বোলে হেভি হুইপিং ক্রিম নিন। একটি প্লেটে বরফ টুকরো রেখে এর ওপর বোল রাখুন যাতে বোলটা ঠাণ্ডা থাকে। ইলেকট্রিক বিটারের হাই পাওয়ারে ক্রিম ৩ মিনিট বিট করুন। ৩ মিনিটেই ক্রিম ঘন হয়ে যাবে। না হলে আরও ১ মিনিট বিট করুন। এখন এই ঘন ক্রিমের সাথে একে একে তৈরি করে রাখা কুসুম দুধের মিশ্রণ, ভ্যানিলা অ্যাসেন্স এবং কনডেন্সড মিল্ক চামচের সাহায্যে হালকাভাবে মিশিয়ে নিন। এবার আর বিট করবেন না। এবার এই মিশ্রণটি বক্সে ঢেলে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টার জন্য। ২ ঘণ্টা পর বক্স বের করে চামচ দিয়ে আইসক্রিম ভালো করে নেড়ে বক্স আবার ফ্রিজে রেখে দিন। এরপর দেড় ঘণ্টা পর আবার বক্স বের করে আইসক্রিম আবার নেড়ে দিন। এরপর আবার দেড় ঘণ্টা পর আইসক্রিম নেড়ে দিন। মোটামুটি ৬-৭ ঘণ্টার মধ্যে আইসক্রিম তৈরি হবে।
স্ট্রবেরি জেলো ফ্রুট কাস্টার্ড
উপকরণ :স্ট্রবেরি জেলো ১ প্যাকেট, কাস্টার্ড পাউডার ৩/৪ চা চামচ, দুধ ২ কাপ, কনডেন্সড মিল্ক ১/২ কাপ, বিভিন্ন ফল কিউব করে কাটা আম ১/২ কাপ, কলা ১/২ কাপ, আপেল ১/২ কাপ, আনার ১/২ কাপ।
প্রণালি :জেলো প্যাকেটের নিয়ম অনুযায়ী জেলো গুলিয়ে নিতে হবে পানিতে। তারপর সার্ভিং গ্লাসে অর্ধেকটা জেলো ঢেলে ১ ঘণ্টা নরমাল ফ্রিজে রেখে দিন। এবার ঠাণ্ডা দুধে কাস্টার্ড পাউডার গুলে চুলায় অল্প আঁচে নাড়তে থাকুন। কনডেন্সড পাউডার দিয়ে ভালো করে নেড়ে ঘন হলে নামিয়ে নিন। এবার কাস্টার্ড ঠাণ্ডা হতে নরমাল ফ্রিজে রেখে দিন।
কাস্টার্ড ঠাণ্ডা হলে তাতে কিউব করে রাখা ফল মিশিয়ে নিন। এবার জেলো জমতে দেওয়া গ্লাসের ওপরে কাস্টার্ড দিয়ে দিন। ওপরে কিছুটা জেলো টুকরো দিয়ে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
