ট্রেন থামিয়ে চালকের চা খাওয়ার ঘটনা বহুবার হয়েছে। কিন্তু এবার সেই মাত্র ছাড়িয়ে গেলেন এক ট্রেন চালক। তিনি স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে মদ্যপান করতে চলে গেলেন। আর এক ঘণ্টা অপেক্ষা করলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সমস্তিপুর রেল ডিভিশনের হাসানপুর স্টেশনে। খবর: আনন্দ বাজার অনলাইন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাজধানী এক্সপ্রেসকে আগে ছেড়ে দেওয়ার জন্য সমস্তিপুর থেকে সহরসাগামী প্যাসেঞ্জার ট্রেনটিকে হাসানপুর স্টেশনে দাঁড় করিয়ে দেন স্টেশন কর্তৃপক্ষ। অভিযোগ, এই সময়ের মধ্যে সহকারী চালক করণবীর যাদব ট্রেনের চালবের আসন থেকে উধাও হয়ে যান।
রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার পরে প্যাসেঞ্জার ট্রেনটিকে সিগন্যাল দেওয়া হয়। কিন্তু তার পরেও ট্রেন না ছাড়ায় সহকারী স্টেশন মাস্টার যখন বিষয়টি খোঁজ নিতে যান, তিনি হতভম্ব হয়ে যান। কোথায় চালক?
ইতোমধ্যে অনেকটা সময় চলে গেছে। যাত্রীরাও অধৈর্য হয়ে পড়ছিলেন। যাত্রীরা চেঁচামেচি শুরু করে দেন। পরিস্থিতি সামলাতে চালকের খোঁজে নামে জিআরপি। তখন স্টেশনের অদূরেই একটি বাজারে মদ্যপ অবস্থায় দেখতে পাওয়া যায় চালককে। তাঁর তখন দাঁড়িয়ে থাকার মতো অবস্থা ছিল না। জিআরপি ওই অবস্থাতেই চালককে গ্রেফতার করে।
