টেস্ট সিরিজে ভরাডুবির পর ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর এবার দ্বিতীয় ওয়ানডেতেও লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে তারা।
বুধবার (১ আগস্ট) ডাম্বুলায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নামার পর ওপেনার নিরোশান ডিকবেলা ও অধিনায়ক ম্যাথুস লড়াই করলেও অন্যরা ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। এদিন অন্য ওপেনার উপুল থারাঙ্গা ৯ রানে আউট, কুশল মেন্ডিস ফিরেন খালি হাতে। আর অভিজ্ঞ ফেরেরা ভালো কিছুর ইঙ্গিত দিয়েও থাকেন ব্যর্থতার বৃত্তে বন্দি। তবে শেষ পর্যন্ত ডিকবেলার ৬৯ এবং ম্যাথুসের ৭৯ রানের ওপর ভিত্তি করে নির্ধারিত ৫০ ওভারে ২৪৪ রান সংগ্রহ করে লঙ্কানরা।
ম্যাচটিতে স্বাগতিক ব্যাটসম্যানদের শুরু থেকেই চেপে ধরেছিলেন দক্ষিণ আফ্রিকান বোলাররা। বল হাতে চমৎকার সময় কাটিয়েছেন আন্দিলে ফেহলুকাও। ৯ ওভারে ৪৫ রান খরচায় পেয়েছেন তিনি ৩ উইকেট। লুঙ্গি এনগিদির শিকারও ৩ উইকেট।
বোলারদের পারফরম্যান্সের পর জ্বলে ওঠেন কুইন্টন ডি কক। সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েও ৮৭ রানে কাটা পড়েন তিনি। সেটা না পারলেও দলকে দিয়ে যান শক্ত ভিত। মূলত উদ্বোধনী জুটিটাই করে দিয়ে যায় প্রোটিয়াদের জয়ের পথ। ডি ককের সঙ্গে হাশিম আমলা যোগ করেন ৯১ রান। আমলা ৪৩ বলে ৬ বাউন্ডারিতে করেন ৪৩ রান।
কক ছাড়াও অধিনায়ক ফাফ দু প্লেসিও খেলেছেন কার্যকরী ইনিংস। ৪১ বলে করেন ৪৯ রান। জেপি দুমিনির ইনিংসটাও (৩২) রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাদের তৈরি করা পথে হেঁটে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন উইলেম মুল্ডার (১৯*) ও ফেহলুকাও (৭*)।
লঙ্কানদের সফল বোলার আকিলা ধনাঞ্জয়া ৬০ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।
প্রসঙ্গত, সিরিজের তৃতীয় ম্যাচ রোববার। ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।-ক্রিকইনফো
