বিপিএলে সাকিব আর গাড়ি একে অপরের পরিপূরক। প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরার জন্য পুরস্কার ছিল। দুইবারই জিতেছিলেন সাকিব। ধীরে ধীরে আয়োজকরা টুর্নামেন্টের বাজেট কমানোয় পুরস্কার হিসেবে আর গাড়ি দেয়া হচ্ছে না। এবার এমন বাজেট করেছে যে, টুর্নামেন্ট সেরা হলে মিলবে মাত্র ২ হাজার ডলার! গত কয়েক আসরে তাও একটি মোটরবাইক ছিল। এবার সেটাও নেই।
বিপিএলের সাত আসরে তিনবার টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব। প্রথম দুই আসরের পর ২০১৭ সালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বাঁহাতি অলরাউন্ডার। সেবার অর্থ পুরস্কারের সঙ্গে একটি মোটরবাইকও পেয়েছিলেন। এবার আবার সেরার দৌড়ে ছুটছেন সাকিব। তাকে টক্কর দেওয়ার মতো নিকট দূরত্বেও কেউ নেই। ১০ ম্যাচে ২৭৭ রান করেছেন। বল হাতে তার শিকার ১৫ উইকেট।
এবার অলরাউন্ড পারফরম্যান্স খুব একটা নেই। তবে ব্যাটিং ও বোলিংয়ে আলাদা আলাদা নজর কেড়েছেন অনেকেই। চট্টগ্রামের উইল জ্যাকস ১১ ম্যাচে ৪১৪ রান করেছেন। খুলনার আন্দ্রে ফ্লেচার সমান ম্যাচে করেছেন ৪১০ রান। ঢাকার তামিমের ব্যাট থেকে এসেছে ৪০৭ রান।
কুমিল্লাকে ফাইনালে তুলতে ফাফ ডু প্লেসি করেছেন ২৯১ রান। বল হাতে ৩ উইকেট নেওয়া মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে করেছেন ২৫৫ রান। আরেক ফাইনালিস্ট বরিশালের ডোয়াইন ব্রাভো ব্যাট হাতে ১১৯ রান করলেও ১৭ উইকেট নিয়ে বোলিংয়ে উজ্জ্বল। ১৮ উইকেট নিয়ে বোলিংয়ে সবার ওপরে রয়েছেন কুমিল্লার মোস্তাফিজুর রহমান।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে মিলবে ১ কোটি টাকা। রানার্সআপ পাবে ৫০ লাখ। এছাড়া ম্যান অব দ্য ফাইনালের জন্য ৫০০ ডলারের পুরস্কার বাড়িয়ে ১ হাজার করা হয়েছে।
