টুইটে ওজিলের আবেগঘন বার্তা

সম্প্রতি মনোমালিন্য এবং বর্ণবাদের খপ্পরে পড়ে জার্মান ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেন মেসুত ওজিল। মূলত তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তোলা একটি ছবির জেরে জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয় বিশ্বের অন্যতম এই প্লে-মেকারের। যার কারণে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই জানাতে হয় তার।

আন্তর্জাতিক ফুটবল থেকে নিজেকে সরিয়ে নেয়া এবং পরবর্তীতে ফেডারেশনের তোপের মুখে পড়ে বেশ কাঠ-কয়লা পোড়াতে হয় ওজিলকে। বলা যায়, বর্তমানে মানসিকভাবে বেশ ভেঙ্গে পড়েছেন তিনি।

তার এই বিপদের মুহুর্তে ঠিকই পাশে দাঁড়িয়েছেন আর্সেনালের ভক্তরা। আর সে জন্য ভক্তদের ধন্যবাদ জানাতে ভুলেননি ওজিল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করে তাতে লিখেছেন, ‘সিঙ্গাপুরে আজ রাতে এত ভালোবাসা উপহার দিয়ে আমার পাশে থাকার জন্য গানারর্সদের অনেক ধন্যবাদ।’

প্রসঙ্গত, বিশ্বকাপের প্লে-অফ থেকে জার্মানির বাদ পড়ার পর থেকে ওজিলকে নানাভাবে তিরস্কৃত করে দেশটির ফুটবল ফেডারেশন। এসময় তাকে ‘অভিবাসী’ হিসেবে অসম্মানও করা হয়। তার জের ধরে মূলত অবসর নেন ওজিল।