টুইটারে ভারতকে ধুয়ে দিচ্ছে ক্রিকেটবিশ্ব

বিশ্বকাপের সেমিফাইনাল লড়াইয়ের গুরুত্বপূর্ন একটি ম্যাচে ক্রিকেটবিশ্বকে চরমভাবে হতাশ করেছে ধোনি-যাদবদের ব্যাটিং পারফরম্যান্স।

দ্বাদশ বিশ্বকাপে ভারতের প্রথম পরাজয়ের পর আবারো সমর্থকদের কাঠগড়ায় মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিং অলরাউন্ডার কেদার যাদবও রেহাই পাচ্ছেন না সমালোচনা থেকে।

ইংল্যান্ডকে হারালেই ভারত পেয়ে যেত শেষ চারের টিকেট। স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ৩৩৮ রানের জবাবে ভারতের ইনিংস থামে ৩০৬ রানে, ৫ উইকেট হাতে থাকা সত্ত্বেও। ৪০তম ওভারের দ্বিতীয় বলে ধোনি ও ৪৫তম ওভারের শেষ বলে কেদার ক্রিজে আসলেও তাদের ব্যাটিংয়ে দৃশ্যমান হয়নি দলকে জেতানোর চেষ্টা। ইনিংস শেষে ধোনি ৩১ বলে ৪৩ ও কেদার ১৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন, আর ভারত বরণ করে ৩১ রানের পরাজয়।

ভারতের ইনিংসের শেষদিকে এই ব্যাটিং নিয়ে টুইটারে সমালোচনায় মত্ত হয়েছেন ভারত সমর্থকরা। এমনকি ধোনির পাঁড় ভক্তরাও তার সমালোচনা করছেন। ভারতের এই জয়ে কঠিন হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনালের সমীকরণ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ পড়ার ইঙ্গিত দিয়ে অনেকে আবার রসিকতা করে বলছেন- কৌশলে পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজালেন ধোনি!

তবে ধোনি ও কেদারের দৃষ্টিকটু ব্যাটিং কোনোমতেই সমালোচনা এড়াতে পারছে না। শেষদিকে ধোনি চড়াও হলেও ম্যাচ যখন নাগালের মধ্যে ছিল তখন ছিলেন ধীর-স্থির। যে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, সেই দলের সমর্থকরাই তাই তার মুন্ডুপাত করছেন। এক ভক্ত তো বলেই বসেছেন- ধোনিদের এমন ব্যাটিং “লজ্জাজনক ও করুণ ব্যাটিং প্রদর্শনী”! নিন্দা কুড়চ্ছেন ২০ ওভারে ১৬০ রান দেওয়া দুই স্পিনার যুযবেন্দ্র চাহাল ও কূলদ্বীপ যাদবও।