গতকয়েক বছরের মধ্যে সবচেয়ে অসহায় অবস্থায় রয়েছে টিম টাইগার। দেশের মাটিতে দুর্দান্তভাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজ শেষ করেই টি-২০ বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিলো মুশফিক রিয়াদরা। তবে বিশ্বকাপে তেমন কিছুই করতে পারেনি টাইগাররা। কোনভাবেই কাটছে না জয়ের খরা। এর মধ্যেই আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর আগামীকাল শুক্রবার আরব আমিরাত ছেড়ে দেশে ফিরে আসবে টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে চলতি আসরের মূল পর্বের পাঁচটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
অধিনায়ক হিসেবে ব্যর্থ রিয়াদ কী তাহলে নিজের অধিনায়ক ক্যারিরারের ইতি টেনে দেবেন? এমন প্রশ্নে মাহমুদউল্লাহ রিয়াদ বেশ কৌশলী উত্তর দিয়েছেন।
অধিনায়কত্ব ছাড়ার ইস্যুতে মাহমুদউল্লাহ বলেছেন, “এটা আসলে আমার হাতে নেই। এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের কাছ থেকে আসবে। আমার দিক থেকে আমি সব সময়েই চেষ্টা করেছি দলকে আগলে রাখতে, ভালো পারফর্ম্যান্স আদায় করতে। সম্ভবত আমার নেতৃত্বে কোনও ঘাটতি ছিল। এরজন্য হয়ত বা পারফরম্যান্স আদায় করতে পারিনি। নেতৃত্ব ছাড়া নিয়ে প্রশ্নের উত্তর আমি ক্রিকেট বোর্ডের উপর ছেড়ে দিচ্ছি। এখানে আমার মন্তব্য করার কিছু নেই।”
এর আগে দীর্ঘ ১৬ মাস পর গত জুলাইতে টেস্ট দলে জায়গা পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলে হুট করেই জানিয়ে দেন টেস্ট থেকে অবসরের কথা। যদিও সেটি আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি এ নিয়ে।
চলতি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর কথা উঠেছে তার টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় ইস্যু নিয়েও। আসরের ৭টি ম্যাচে ব্যাট হাতে ১৬৯ রান করলেও বল হাতে ছিলেন একেবারেই শূন্য। অবসর ইস্যুতে মাহমুদউল্লাহ বলেছেন, “এই মুহূর্তে আমি এমন কোনো চিন্তা করছি না।”
