টি-টোয়েন্টি স্টাইলে ফিফটি হাঁকালেন লিটন

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে অধিনায়ক সাকিব আল হাসানের (৮০) উইকেট হারালেও লিটন দাসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৬তম টেস্ট ফিফটি।

দিনের সপ্তম ওভারে সাকিব ফিরে গেলেও এক প্রান্ত ধরে খেলছেন রিয়াদ। সাকিবের চেয়ে তুলনামূলক ধীর খেললেও ৮৮ বলে ৪ চারের মারে দিনের এগারতম ওভারে নিজের ফিফটি তুলে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি খেলেছিলেন ১০১ রানের অপরাজিত ইনিংস।

সে ফর্ম বজায় রাখলেন চলতি টেস্টেও। মাহমুদউল্লাহর ব্যাটের নির্ভরতাতেই মূলত বড় সংগ্রহের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। রিয়াদের সাথে তালে তাল মিলিয়ে চলছেন লিটনও। মাত্র ৫০ বলেই তুলে নিয়েছেন নিজের ফিফটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৮৪ রান। লিটন ৫২ বল থেকে ৫৩ ও রিয়াদ ৭৪ রান করে ব্যাট করছেন।