টিএসসিতে সিয়ামকে ঘিরে ভক্তদের নানা কাণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির ডাস চত্বরের শত শত মানুষ। তাদের মধ্য থেকে একটু পর পরই চিৎকার করে বলে উঠছেন সিয়াম ভাই, সিয়াম ভাই। কেউ আবার চিৎকার করে জানতে চাইছিলেন পূজা চেরি কই?

শুক্রবার সন্ধ্যায় টিএসসির ডাস চত্বরের দেখা গেলো এমন দৃশ্য। এখানে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সে সময় এখানে আরও কিছু দৃশ্য দেখা গেলো যা বাংলা ছবির নায়কদের বেলায় খুব একটা দেখা যায় না। সিয়ামকে এক নজর দেখার জন্য ভিড় করলো শত শত মানুষ, তার সঙ্গে ছবি তুলতে করতে থাকলো অনুনয় বিনয়, তাকে ছঁয়ে দেখতে মঞ্চে উঠে গেলেন কোনো ভক্ত!

আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘শান’। যে ছবিতে সিয়ামকে অ্যাকশন অবতারে দেখা যাবে। ছবিটির প্রচারণা উপলক্ষ্যে আগেই সিনেমা সংশ্লিষ্টরা বলেছিলেন ছবিটির ট্রেলার প্রকাশে নতুন এক মাধ্যম অবলম্বন করবেন। সেই মাধ্যম হচ্ছে টিএসএসসির ডাস চত্বরের উন্মুক্ত মঞ্চে প্রকাশ করা হবে ট্রেলার। করলেনও তা।

পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় ব্যানার টানিয়ে, পর্দা এনে সিনেমার ট্রেলার দেখানো হলো টিএসসিতে। ট্রেলার প্রকাশের আগে ও পরে ছবিটির নায়ককে নিয়ে বেশ কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে। সিয়ামকে এখানে ভক্তদের তোপের মুখে পড়তে দেখা যায়।

ট্রেলার রিলিজ করার পূর্ব মুহূর্তে এক ভক্ত মঞ্চে উঠে আসেন। মঞ্চে উঠেই সিয়ামের পায়ে পড়ে যান তিনি। কিন্তু তাদের জন্যই তো আজকের সিয়াম। সিয়াম তাকে তুলে বুকে টেনে নেন। নিজ হাতে তুলেন সেলফি।

এ ঘটনার পর থেকেই শুরু হয় বিপত্তি। একে একে অনেকেই উঠে যান মঞ্চে, সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। অনেকের আবদারও পূরণ করেন সিয়াম। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়লে সিয়াম ও উপস্থাপিকা শান্তা জাহান সবাইকে ট্রেলার উপভোগ করার অনুরোধ জানান।

ট্রেলার শুরুর পূর্বে সিয়াম ‘শান’ সিনেমা নিয়ে কথা বলেন পাশাপাশি সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান।

এ সময় সিয়াম বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আজ এখানেই আমাদের সিনেমার ট্রেলারের মুক্তি দিতে পারছি, যা আমার জন্য অনেক আনন্দের। পূজা ও আমার তৃতীয় সিনেমা শান। এবারই প্রথম অ্যাকশন চরিত্রে দেখা যাবে আমাকে। সিনেমা দেখে আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। মুক্তির পর সিনেমাটি দেখবেন আশা করছি।’

ট্রেলার দেখার জন্য সবাই শান্ত হলেও ট্রেলার রিলিজ শেষেও দেখা গেল একই চিত্র। পরে বিষয়টি সামাল দিতে নেওয়া হয় পুলিশের সাহায্য। প্রায় ১০-১৫ মিনিট চেষ্টার পর পুলিশ কিছুটা সামাল দিলে একপর্যায়ে সিয়ামকে মঞ্চ থেকে নেমে যেতে হয় এবং ভক্তদের হাত থেকে বাঁচতে আশ্রয় নিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পেছনে পরমাণু গবেষণা কেন্দ্রে।

ডাস চত্বর থেকে পরমাণু গবেষণা কেন্দ্রের যাওয়ার এ রাস্তাটা সে সময় পুরো ব্লক হয়ে পড়ে। সিয়ামকে ঘিরে মিছিল করতে থাকেন একদল তরুণ। মিছিলের সবার উদ্দেশ্য সিয়ামের সঙ্গে একটা সেলফি তোলা। কিন্তু নিরাপত্তার স্বার্থে প্রশাসন সিয়ামকে পরমাণু গবেষণা কেন্দ্রের বাইরে বের হতে নিষেধ করায়। ভক্তদের সেলফি তোলার ইচ্ছে আর পূরণ হয়নি শেষ পর্যন্ত।

ভক্তদের এমন যন্ত্রণাকে সিয়াম যন্ত্রণা বলতে নারাজ। তিনি বলেন, এটা আসলে তাদের ভালোবাসা। এমন ভালোবাসাই আগামীতে আরও ভালো ভালো কাজ করার উৎসাহ যোগায়।

অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’সিয়াম ও পূজা ছাড়াও সিনেমায় রয়েছে তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ছবিটির ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

সূত্র : সমকাল