এবারের ঈদে প্রায় ১৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’। এ ছবির নায়ক-নায়িকা ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী। এরই মধ্যে ছবিটি ব্যবসা সফল ছবির তকমা পেয়েছে।
অন্যদিকে ছবির টাইটেল গানটিও ইউটিউবে ঝড় তুলেছে। শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায় মে মাসের ১৪ তারিখ। মুক্তির দুই মাস যেতে না যেতেই গানটি এক কোটির উপরে দেখা হয়েছে।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় শিল্পী শাহরিয়ার রাফাত। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ঐশী। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। কমেডি ঘরানার গানটির শুটিং হয়েছে থাইল্যান্ডে।
এ ব্যাপারে শাহরিয়ার রাফাত বলেন, শাকিব ভাইয়ের জনপ্রিয়তার কথা আমরা সবাই জানি। গানটিতে শাকিব-বুবলি জুটির পারফম্যান্স দারুণ ছিল। সব মিলে এ গানটি বিনোদনের পরিপূর্ণ প্যাকেজ। গান ভালো হলে শ্রোতারা সেটি শুনবেই। দুই অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষায় গান হওয়াতে শ্রোতারা বেশ মজা পেয়েছেন। বিভিন্ন স্টেজ শোতে গেলেও গানটি শোনার জন্য রিকুয়েস্ট আসছে। নিজের গান গাইবার আনন্দটা অন্যরকম। এ ছাড়া আমি ভিউয়ের চেয়ে মানের দিকে বেশি গুরুত্ব দিই।
এদিকে শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবির টাইটেলেও কণ্ঠ দিয়েছেন রাফাত। সুদীপ কুমার দ্বীপের লেখা এই গানটিরও সুর-সংগীত করেছেন রাফাত নিজেই। ছবিটি আগামী ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাবে।
