টসে হেরেও খুশি মাশরাফি

সাউদাম্পটনে বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুপুর তিনটায় এই ম্যাচের টস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকার কারণে ১০ মিনিট দেরিতে টস অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ন এই ম্যাচ আফগান অধিনায়কের সঙ্গ টস ভাগ্যে হেরেছেন মাশরাফি। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

তবে টসে হেরে আগে ব্যাটিং পেয়েও খুশি হয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। টসে হেরে তিনি বলেন, ‘টসে জিতলেও আমি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতাম। কারণ এই উইকেট একদিন আগেই ভারত-আফগানিস্তানের বিপক্ষেও ব্যবহার হয়েছিল। তাই আগে ব্যাট করাটাও এ ধরণের পিচে সুবিধাজনক হবে।

ক্রিকেটে আফগানদের সঙ্গে টাইগারদের প্রতিদ্বন্দ্বীতা কেবল ৫ বছরের। ২০১৪ সালেই ওয়ানডেতে প্রথম আফগানদের মুখোমুখি হয়েছিল টাইগাররা।

যদিও সেই প্রথমবারের মুখোমুখি হওয়াটা কোনোভাবেই সুখকর ছিল না বাংলাদেশের জন্য। সেবার ১ মার্চ নারায়নগঞ্জের ফতুল্লায় আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশকে হারের লজ্জায় পড়তে হয়েছে ৩২ রানে।

এরপর বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশটির মুখোমুখি হয় ২০১৫ বিশ্বকাপে, ক্যানবেরার মানুকা ওভালে। সেখানে অবশ্য দাপটের সঙ্গেই জিতেছিল বাংলাদেশ। আফগানদের হারিয়েছিল ১০৫ রানের বিশাল ব্যবধানে। সেই থেকে এখনও পর্যন্ত মোট ৭বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। এর মধ্যে ৪বার জিতেছে বাংলাদেশ, ৩বার আফগানিস্তান। এর মধ্যে বিশ্বকাপে ১ বারই মুখোমুখি এবং ১বারই জিতেছে বাংলাদেশ।