দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আজ বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে টসে হেরেছেন মাশরাফি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিন আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
প্রোটিয়াদের বিপক্ষে লন্ডনের দ্য ওভালে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ দলে শুরু হয়েছে ইনজুরির মিছিল। ইনজুরি শঙ্কা আছে প্রতিপক্ষ শিবিরেও। দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যাটিং ভরসা উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা টাইগারদের বিপক্ষে খেলবেন কি না তা নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট অনিশ্চয়তা।
গত ৩০ মে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমে ইংলিশ পেসার জোফরা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পান হাশিম আমলা। ওই আঘাতের ধাক্কায় দ্রুতই মাঠ ছাড়েন তিনি। পরে অবশ্য আবার মাঠে নেমেছিলেন; কিন্তু মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি প্রোটিয়া ওপেনার। লিয়াম প্লাঙ্কেটের বলে ২৩ বলে ১৩ রান করে ফেরত যান তিনি।
আমলার খেলা নিয়ে শঙ্কাটা তৈরি হয়েছে মূলতঃ গত কয়েকদিন দলের সঙ্গে তার অনুশীলন না করায়। ইংল্যান্ড ম্যাচের পর প্রোটিয়া দলের সঙ্গে আর অনুশীলনে দেখা যায়নি তাকে। এ কারণেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও অফিসিয়ালি কিছু জানা যায়নি।
আমলার আগে ইঞ্জুরিতে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। ইঞ্জুরির কারণে তাকে দেখা যায়নি ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও। বাংলাদেশের বিপক্ষেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
