ইংল্যান্ড বিশ্বকাপে লন্ডনের ওভালে আজ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে টাইগাররা। এ বিশ্বকাপে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ায় জয়ের আশা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই দেশের ক্রিকেটপ্রেমীদের।
তাদের জন্য আরো একটি আশার বিষয় হলো, উইকেট ব্যবধানে যে দলগুলোর বিপক্ষে টাইগারদের সবথেকে বড় জয়গুলো আছে, তার মধ্যে দক্ষিণ আফ্রিকাও একটি। বাকি দু`টি হলো কেনিয়া এবং জিম্বাবুয়ে। আর এই তিনটি দলের বিপক্ষেই টাইগার টিম জয়লাভ করে ৯ উইকেটের ব্যবধানে।

এরমধ্যে আন্তর্জাতিক একদিনের ম্যাচে ২০০৬ সালের ২০ মার্চ খুলনায় অনুষ্ঠিত কেনিয়ার বিপক্ষে ১৬২ রানের লক্ষ্যে, একই বছরের ৩০ নভেম্বর খুলনায় অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে ১৮৫ রানের লক্ষ্য নিয়ে এবং সর্বশেষ ২০১৫ সালের ১৫ জুলাই চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭০ রানের বিপক্ষে জয়।
টাইগার টিম এ জয় লাভ করে যথাক্রমে কেনিয়ার বিপক্ষে ২৩.৫ ওভার, জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫.৩ ওভার এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬.১ ওভার খেলে।
তাছাড়া এবার বিশ্বকাপে পরে ব্যাট করা দলগুলো জয় পাচ্ছে বেশি। সে হিসেবে টসে জিতে মাশরাফির পরে ব্যাট করাটাই উচিত হবে বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন।
