জয়ের ব্যাপারে ‘ইনশাআল্লাহ’ বললেন হেইডেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান অস্ট্রেলিয়ান কিংবদন্তী ওপেনার ম্যাথু হেইডেন। পাকিস্তান দলটির সঙ্গে যোগ দিয়েই বাবর-রিজওয়ানদের ইসলামি দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হয়েছেন এই তারকা। পাকিস্তানি ক্রিকেটারদের ধর্মের প্রতি আবেগ ও সম্মান তাকে অনুপ্রাণিত করেছে ইসলাম সম্পর্কে জানতে। সম্প্রতি হেইডেন নিজেই এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত আটটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ফাইনালে যেতে হলে দুই দলের সামনেই জয়ের বিকল্প নেই। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ দাপটের সাথে জয় করে আসা পাকিস্তান দলের ব্যাটিং কোচ হেইডেনের বিশ্বাস, ইনশাআল্লাহ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তান ফাইনালও খেলবেন।

হেইডেনের ভাষ্যমতে, ‘সব দলের মতোই পাকিস্তানের জন্যও শিরোপা জেতাটা গুরুত্বপূর্ণ। কাল এমন একটা দলের বিপক্ষে খেলব, যারা বিশ্বকাপজয়কে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে। তবে তাদের অর্জনের খাতায় এই শিরোপা নেই। জাতি হিসেবে পাকিস্তান ক্রিকেটকে যেভাবে ভালোবাসে, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না তাদের জন্য। আমরা পারফর্ম করতে প্রস্তুত আছি। শুধু সেমিফাইনাল নয়, ইনশাআল্লাহ, এরপর ফাইনালও খেলব।’

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে পাকিস্তান দলের দায়িত্ব পান হেইডেন। এই স্বল্প সময়েই খেলোয়াড়দের যে প্রতিজ্ঞাবদ্ধ দেখেছেন তাতে মুগ্ধ হয়েছে তিনি। দলের সবার দূরদর্শীতার প্রশংসা করেন তিনি। এই কোচ বলেন, ‘গত এক মাসে অনেক পরিশ্রম করা হয়েছে। পাকিস্তানের দিক থেকে বললে তো, এটি খুবই রোমাঞ্চকর একটি মুহূর্ত। যেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা সেমিফাইনালে এসেছি, তা অসাধারণ। খুবই জীবন্ত এবং দূরদর্শী ছিল।’

স্বাভাবিকভাবেই সেমিফাইনালের মতো বড় ম্যাচের আগে মানসিক চ্যালেঞ্জও থাকবে- এটা অকপটে স্বীকার করেছেন হেইডেন। সেই সাথে দুর্দান্ত এই পাকিস্তান দলের অংশ হতে পেরে গর্বও করেন তিনি। হেইডেন বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার ভেতরে কী ঘটতে যাচ্ছে তার মনে ও মানসিকতায়, উভয় জায়গায় একটি চ্যালেঞ্জ হবে। আমি বলব, এই পাকিস্তান দলের একটি অংশ হতে পেরে আমি খুবই গর্বিত। আমাদের বেশ কয়েকজন দুর্দান্ত তরুণ ক্রিকেটার আছে, কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন এবং তারা সবাই মিলে একটি দল হিসেবে পারফর্ম করছেন।’