জুভেন্টাসে যোগ দিচ্ছেন পগবাও?

এই মুহুর্তে সুখের সাগরে নৌকা ভাসিয়ে উৎসবে মেতেছে ফ্রান্স ফুটবলাররা। ‘চ্যাম্পিয়ন’ লেখা ছাদখোলা বাসে প্যারিসের জনসমুদ্রে ঘুরে বেড়ানো। জাতীয় বীর খেতাব। ইতোমধ্যে স্বপ্নতুল্য সব কিছুরই দেখা পেয়েছেন দেশমের শিষ্যরা।

বলা যায়, আহা কি রোমাঞ্চেই না আছেন তারা। এ যেন সমুদ্রের ঢেউয়ে ভেসে চেনা প্যারিসকে নতুন করে আরেকবার আবিষ্কার করা। ফ্রান্সের এই জয়ের স্বপ্নদেষ্টা পগবা-মাতুইদি ও এমবাপ্পেরা। মূলত তাদের হাত ধরেই দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিতে ফ্রান্স। যদিওবা কোচ দিদিয়ের দেশমের অক্লান্ত পরিশ্রমের কথা কখনোই ইতিহাস ভুলবে না।

বিশ্বকাপ আসর শেষ। এই মুহুর্তে খেলোয়াড়রা নিজ নিজ দেশে ফিরে গেছেন। কিছুদিন বিশ্রামের পর সাবেক ক্লাবের হয়ে ফের ফুটবল যুদ্ধে নামবেন তারা। তবে বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন যারা বিশ্বকাপ পরবর্তীতে নতুন ক্লাবের জার্সিতে মাঠ মাতাবেন। আর তাদের কাতারে সামিল হতে প্রিয় সতীর্থ পল পগবাকে অনুরোধ করলেন মাতুইদি। তার ইচ্ছা, ফ্রান্স মিড ফিল্ডারকে ম্যানচেস্টার ছেড়ে যেন জুভেন্টাসে যোগ দেন।

সম্প্রতি রিয়াল ছেড়ে ওল্ড লেডিদের ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাতুইদি মনে করেন এখনই সুবর্ণ সুযোগ পগবাকে জুভেন্টাসে যোগ দেয়ার। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পগবার লাইভ চলাকালীন মাতুইদি বলে বসেন, ‘আমার সঙ্গে চলো জুভেন্টাসে।’ তখন পগবা মজা করে বলেন, ও. দ্যা ওল্ড লেডি, দ্যা ওল্ড লেডি।

প্রসঙ্গত, কথা উঠেছে ম্যানচেস্টারের চেয়ে দ্বিগুণ স্পিরিটে বিশ্বকাপ মাতিয়েছেন পল পগবা।এজন্য টেলিগ্রাফের এক সিনিয়র স্পোর্টস রিপোর্টার মরিনহোকে পরামর্শ দেন, তিনি যেন দেশম থেকে পগবা ইস্যুতে সবক নেন।