জিয়ার মাজারে গিয়ে যে শপথ নিল বিএনপি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে বিএনপি। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতার আদর্শ অনুসরণ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনারো অঙ্গীকার করেছে বিএনপি।

আজ ৩০ মে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যু বাষির্কীতে তার কবর জিয়ারত শেষে এই শপথের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় ফখরুল বলেন, ‘দেশে দুঃশাসনের রাজত্ব চলছে। আজকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। দেশের মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করায় হবে আমাদের আজকের অঙ্গিকার।’

এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আরও অনেকেই।