জামালপুরে পূজা চেরী, চাঁদপুরে কলকাতার কৌশানি আর পাবনায় অপু বিশ্বাস

কোভিট এর এই সময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় যেনো প্রাণ ফিরে পেয়েছে দেশের চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি। সিনেমা হলে মুক্তি পাচ্ছে নতুন ছবি, শুরু হচ্ছে নতুন নতুন ছবির শুটিংও।

সাম্প্রতিক সময়ে ঢাকার বাইরেই তিন ছবির শুটিং চলছে। এই তিন ছবির মধ্যে ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবির শুটিং নিয়ে পাবনায় আছেন অপু বিশ্বাস, ‘গলুই’ ছবির শুটিংয়ে জামালপুর আছেন পূজা চেরি এবং ‘প্রিয়া রে’ ছবির শুটিংয়ে চাঁদপুরে আছেন কলকাতার নায়িকা কৌশানি মুখার্জি।

‘প্রেম প্রীতি বন্ধন’ ছবির পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু । এতে অপুর বিপরীতে রয়েছেন জয় চৌধুরী। পরিচালক জানিয়েছেন ছবিটির শেষ পর্যায়ের শুটিং করছেন এখন।

ছবিটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘পাবনায় বিশাল আয়োজনে ছবিটির শুটিং করছি। ছবিটির শুটিং শেষ পর্যায়ে। আশা করি ছবিটি দর্শকদের পছন্দ হবে।’ এর আগ গত ১৭ মে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়।

সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ ছবিটি পরিচালনা করছেন এসএ হক অলিক। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন পূজা চেরি। টাঙ্গাইল ও জামালপুরে বিশাল জনসমাগমে ছবিটির শুটিং হচ্ছে বলে জানালেন পরিচালক। টানা শুটিং করে ছবিটির কাজ শেষ করার কথা জানিয়েছেন তিনি।

ছবিটি নিয়ে পূজা চেরি বলেন, ‘গলুই ছবি নিয়ে দারুণ এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। এই প্রথম নৌকা বাইচ সরাসরি দেখছি। এতে শাকিব ভাইয়ার মালা চরিত্রে অভিনয় করছি আমরা।’গত ২৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে শুরু হয় ছবিটির শুটিং।

অন্যদিকে চাঁদপুরে ‘প্রিয়া রে’ নামের যে ছবিটিতে কৌশানি শুটিং করছেন সেটি পরিচালনা করছেন পুজন মজুমদার। এটিই তার প্রথম নির্মাণ। ছবিটিতে কৌশানির নায়ক হিসেবে আছেন শান্ত খান। গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় ছবিটির শুটিং। প্রথম দিন থেকেই ছবিটির শুটিংয়ে অংশ নিছেন কলকাতার এ নায়িকা। আগামী ৬ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন স্থানে শুটিং করবেন বলে জানান তিনি।

ছবিটির মাধ্যমে বাংলাদেশে এই প্রথম কোনো সিনেমায় কাজ করছেন কৌশানি। তিনি বলেন, ‘বাংলাদেশে এটিই আমার প্রথম কোনো সিনেমায় কাজ করছি। এখানকার পল্লী গ্রামে, বিভিন্ন চরাঞ্চলে ও বিভিন্ন ঘরোয়া পরিবেশে শুটিং করছি।’

ছবিটির নির্মাতা পুজন জানান টানা শুটিং করে ছবিটি শেষ করেই চাঁদপুর থেকে ঢাকায় ফিরবেন ‘প্রিয়া রে’ টিম। আর ঢাকায় এফডিসিতে চলছে কাজী হায়াৎ পরিচালিত তার ৫১ তম ছবি ‘জয় বাংলা’র শুটিং। এতে প্রথমবার কাজী হায়াতের ছবিতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। বিপরীতে আছেন জাহারা মিতু।