ছোট মেয়েও অভিনেত্রী হতে চায়: বনি কাপুর

বিশ্বের জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর একটি বলিউড। প্রত্যেক মডেল এবং অভিনেত্রীরা বলিউডে কাজ করার জন্য মুখিয়ে থাকেন। যেমন অর্থকড়ি তেমন জনপ্রিয়তা। কোনো কিছু্রই কমতি নেই এখানে। প্রতি বছরই নিত্য নতুন তারকাদের অভিষেক হয়। তাদের মধ্যে কেউ আসেন ফিল্মি ঘরানা থেকে, কেউ বা একেবারেই অন্য পেশা থেকে।

সেই ধারাবাহিকতায় বলিউডে আসছেন আরো এক নতুন মুখ? তিনি আর কেউ নন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। কয়েকদিন আগেই বলিউড অভিষেক হয়েছে শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের। অভিষেক ছবিতেই বলিউড মাত করেছেন শ্রীদেবী কন্যা। ক্যারিয়ারের শুরুতেই ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি নিয়েছেন আকাশছোঁয়া পারিশ্রমিক।

জাহ্নবী কাপুরের মতো শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরও বলিউডে কাজ করতে আগ্রহী। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বনি কাপুর নিজেই।

জনপ্রিয় এ নির্মাতা বলেন, ‘আমি বলব না জাহ্নবীকে আমি অনুপ্রেরণা জুগিয়েছি। বরং তার যে ইচ্ছে ছিল সেটাকে আমি উৎসাহ দিয়েছি। কেন কারো প্রতিভা নষ্ট করব? যেমন, সালমান খান বলার আগে আমি বুঝতে পারিনি অর্জুন কাপুরের মধ্যে অভিনেতা হওয়ার প্রতিভা রয়েছে। আমার ছোট মেয়ে খুশি প্রথমে মডেলিং করতে চেয়েছিল কিন্তু লক্ষ্য পরিবর্তন করে যে এখন অভিনেত্রী হতে চায়।’

এর আগে খুশির বলিউড সিনেমা নিয়ে জাহ্নবীকেও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে খোলাসা করে কিছু বলেননি ধড়ক’এর অভিনেত্রী। বরং খুশিকেই প্রশ্নটি করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন জাহ্নবী। যদিও খুব শিগগিরই খুশিকেও যে বলিউডে দেখা যেতে পারে সেই সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি বনি কাপুর।