ছোট্ট ‘বসের’ মধু ঝরানো কড়া শাসন! ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল

‘আমি যে কাজগুলো করবো সে কাজগুলো করতে হবে। আমি যে কথাগুলো বলবো সে কাজগুলো বলতে হবে’। কণ্ঠে তার কর্তৃত্বের সুর, হাতের পেন্সিলটা যেন কোনো কড়া শিক্ষকের হাতের বেঁতের মতো এদিক সেদিক হচ্ছে। মেয়েটা ওটাকে নাড়াচ্ছে আর বাবাকে শাসন করছে। ছোট্ট মেয়েটির এমনই একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বাবার প্রশ্নটি ছিলো, এত রাগ কেন তোমার আমার ওপর? এ প্রশ্নের জবাবে ঝরতে থাকলো মধুর কিন্তু কড়া শাসন।

মিষ্টি বাচ্চাটা কথা বলেই যাচ্ছে…’আমার কথাগুলো মেনে চলতে হবে। আমি যে কথাগুলো বলবো সেগুলো করবা। না হলে তোমার শাস্তি হবে’। পাখির মতো কিচির-মিচির কথার এই মুহূর্তে তার হাতের পেন্সিলটাও যেন শাসিয়ে ওঠে!

নির্দেশনার ফুলঝুড়ি উপচে পড়ল এবার…’আমি বলবো যাও চলে যাও আমার কাছ থেকে। তুমি চলে যাবা। আবার আমি তোমাকে বলবো আসো। তুমি আসবা। আবার আমি তোমাকে বলবো মোবাইল দাও, দিবা’।

‘আর যখন বলবো সিগারেট খাবা না, তখনই খাবা না…তোমার যে বাজে কাজগুলো আছে সেগুলোই বন্ধ করে দাও…আমার কথা শোনো না, তারপরে আমার কাজগুলো মেনে চলো না…তোমার বাজে কাজগুলো আমার পছন্দ হয় না, বুঝেছো?’

‘দেখো, আমি তোমার বস…বসের কথা তো মেনে চলতে হয়…’।
বাবাকে শিশু কন্যার এই শাসন দারুণ উপভোগ করছে ইন্টারনেট। মেয়েটার কথা বলা, তার ভঙ্গীমা এবং আচরণ দেখার মতো বটে!