নিউ ইয়র্কে শো খুব ভালো হয়েছে। অনেক প্রবাসী দর্শকরা কনসার্টটি উপভোগ করেছেন। ‘তাহসান লাইভ ইন নিউ ইয়র্ক’ শীর্ষক এ কনসার্টের জন্য আলাদা প্রস্তুতি নিয়েছিলাম আমি। সব মিলিয়ে ভালো ও সফল একটি শো হয়েছে। আমি শ্রোতা-দর্শকদের ভালোবাসায় মুগ্ধ। নিজের সর্বশেষ একক কনসার্ট সম্পর্কে এমনভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় সংগীত তারকা তাহসান খান।
গত ২৯শে জুলাই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয় শিল্পীর একক এ কনসার্টটি। এখন গান নিয়ে বেশ ব্যস্ত তাহসান। বিশেষ করে শো নিয়ে। গানের বাইরে অভিনেতা হিসেবেও অন্যরকম কদর রয়েছে তাহসানের। গত কয়েক বছরে অভিনয়ে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। বিভিন্ন উৎসবে তার করা নাটকগুলো ছিল দর্শকপ্রিয়। এদিকে একটি ভিন্নধর্মী বড় মাপের ট্রাভেল শোর হোস্ট হিসেবেও খুব শিগগির চ্যানেল আইয়ের পর্দায় আসছেন তিনি। সব মিলিয়ে কেমন আছেন? চলতি সময়টা কেমন যাচ্ছে? তাহসান বলেন, বেশ ভালো। আসলে কাজের ব্যস্ততায় সময় যে কখন চলে যায় টেরও পাই না। আমার কাজ গান ও অভিনয় করা। সেটা নিয়েই ব্যস্ত রয়েছি এখন। নতুন গানের কি খবর? সামনে কি আসবে? তাহসান বলেন, আমার একক অ্যালবাম প্রকাশের পর ঐভাবে নিজের সুর ও সংগীতে গান আর প্রকাশ করা হয়নি। বেশ ক’জনের সুরে গেয়েছি এর মধ্যে। গত কিছুদিনের মধ্যেও অন্যের সুরে গান করেছি। সেগুলো হয়তো প্রকাশ হবে। আর গত বছর একক অ্যালবাম প্রকাশ করেছি। ‘অভিমান আমার’ শিরোনামের সেই অ্যালবামের গানগুলোর সাড়াও ভালো পাচ্ছি। এমনিতে নতুন ট্র্যাকের কাজ শুরু করেছি। কারণ স্টুডিওতে নিয়মিত বসা হয় যদি শুটিং না থাকে। তবে কবে নাগাদ এ গানগুলো প্রকাশ করবো সেটা ঠিক করিনি। আপনি এরইমধ্যে ‘যদি একদিন’ ছবির কাজ শেষ করেছেন। আপনার ভক্তরাও আশায় আছে এ ছবিটি দেখার। এ চলচ্চিত্রটি নিয়ে আপনার অভিমত কি? তাহসান বলেন, এটা আমার প্রথম সিনেমা। স্ক্রিপ্ট ভালো লেগেছে, আমার চরিত্র ভালো লেগেছে। সে কারণেই ছবিটি করা। এখানে আমার নায়িকা ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী। গল্প, কো আর্টিস্ট, নির্মাণশৈলী, লোকেশন, গান, কোরিওগ্রাফি- এসব মিলিয়ে ছবিটিতে দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন। আমার বার বার মনে হয়েছে এরকম কিছুর প্রত্যাশাই বোধহয় আমি করেছিলাম। আর তাইতো অনেক ছবির কাজও আমি সম্মানের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। শ্রাবন্তী অনেক ভালো মানের একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আমার বিশ্বাস দর্শকরা আমাদের রসায়নটা খুব উপভোগ করবেন। সামনে কি নিয়মিত চলচ্চিত্রে পাওয়া যাবে আপনাকে? তাহসান বলেন, চলচ্চিত্রে একদমই নিয়মিত হতে চাই না। বেছে মানসম্পন্ন ভালো গল্পের হলে চিন্তা করবো। এটা আসলে এখনই বলা মুশকিল, আমি সামনে আরো ছবিতে কাজ করবো কি না। সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। ঈদের নাটক কি করছেন? তাহসান বলেন, এরই মধ্যে দু-একটি নাটকে কাজ করেছি। আরো কয়েকটি নাটক করার কথাবার্তা চলছে। এরই মধ্যে স্ক্রিপ্ট হাতে এসেছে। ব্যাটে বলে মিলে গেলে হয়তো করে ফেলবো। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা আপনার কাছে কেমন মনে হচ্ছে? তাহসান উত্তরে বলেন, আসলে ডিজিটালি গান প্রকাশ হচ্ছে এখন। আমরা এ ধারায় অভ্যস্ত হচ্ছি। আরো সময় লাগবে আমাদের। তবে এখন অবস্থা খারাপ না। কারণ কোম্পানিগুলো ভালো গানে বিনিয়োগ করছে। তাছাড়া ইচ্ছে করলে যে কেউ স্বত্ব নিজের কাছে রেখেও গান প্রকাশ করতে পারছে। তাই সব মিলিয়ে মোটামুটি ভালোই এখন ইন্ডাস্ট্রির অবস্থা। সামনে হয়তো আরো ভালোর দিকে যাবে।
