ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। নিউক্যাসল ইউনাইটেডকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে ‘ব্লুজ’রা।
২০১১ সালের ডিসেম্বরের পর এই প্রথম নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে কোনো লিগ ম্যাচ জিতল চেলসি। এখানে আগের পাঁচ ম্যাচের চারটিই তারা হেরেছিল, একটি ড্র হয়েছিল।
রোববার ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল অবশ্য গোলশূন্য স্কোরলাইনে। দ্বিতীয়ার্ধে মাত্র ১১ মিনিটের মধ্যেই হয়েছে তিন গোল।
এই মৌসুমে প্রথমবার চেলসির শুরুর একাদশে নামা এডেন হ্যাজার্ড ৭৬ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে দেন চেলসিকে। মার্কোস আলোনসো ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল চেলসি।
৮৩ মিনিটে দারুণ এক হেডে নিউক্যাসলকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা জোসেলু। তবে ৮৭ মিনিটে নিউক্যাসলের ডিফেন্ডার ইয়েডলিনের আত্মঘাতী গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।
তিন ম্যাচে তিন জয়ে চেলসি, লিভারপুল ও ওয়াটফোর্ডের সমান ৯ পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে লিভারপুল শীর্ষে, চেলসি দুইয়ে ও ওয়াটফোর্ড আছে তিন নম্বরে।
