চুলের যত্নে এখন

ঘামে ভেজা স্কাল্প

বাইরে বের হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘামে চুলের গোড়া ভিজে যায়। চুল ছেড়ে রাখা এই সমস্যা সমাধানের বদলে আরো জটিল করে তুলবে। রোদ আর ধুলা চুলের বারোটা বাজাবে। যত রোদ-গরম থাকুক, সুতির স্কার্ফে চুল ঢেকে বাইরে বের হওয়া নিরাপদ। তবে আঁটসাঁট করে স্কার্ফ বাঁধবেন না। রোদ যেন না লাগে এবং বাতাস চলাচল করতে পারে এমনভাবে মাথা ঢাকুন। বাইরে থেকে ফিরে সঙ্গে সঙ্গে ফ্যানের ঠাণ্ডা বাতাসে চুল শুকিয়ে নিন। সপ্তাহে তিন দিন রাতে শোবার আগে হট অয়েল ম্যাসাজ করলে ঘামে চুলের গোড়া দুর্বল হবে না। শ্যাম্পুর সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে তারপর চুলে লাগান। চুল সহজেই চিটচিটে দেখাবে না। ঘামে ভেজা চুলও শুকানোর পর ফ্রেশ, নরম ও চকচকে থাকবে। ভাপসা গরমে স্কাল্পের সুস্থতায় প্রতিদিন সঠিক নিয়মে চুল পরিষ্কার করা জরুরি। বাইরে বের হতে হলে প্রতিদিনই শ্যাম্পু করতে হবে। ঘরে থাকলে এক দিন পর পর চুল শ্যাম্পু করুন। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। ঘরোয়া কন্ডিশনার চাইলে আধা মগ পানিতে ২ টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পুর পর চুলে ঢেলে দিন। এরপর আর চুল ধোয়ার প্রয়োজন নেই।

খুশকি

খুশকি সমস্যা দূর করতে সপ্তাহে এক দিন এক চা চামচ রসুন পেস্টের সঙ্গে দুই টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। শ্যাম্পু করার আধাঘণ্টা আগে চুলের গোড়ায় ভালো করে লাগান। মেথি আর পেঁয়াজের প্যাকও বেশ কার্যকর। আধাকাপ পানিতে এক টেবিল চামচ মেথি সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে পানিসহ ভেজানো মেথি, আধাকাপ টক দই, দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ সরিষার তেল একসঙ্গে ব্লেন্ড করে নিন। চুলে বিলি কেটে পুরো স্কাল্পে ভালো করে লাগান। শাওয়ার ক্যাপ পরে আধাঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে এক দিন ব্যবহারে খুশকি সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। প্যাক ছাড়া খুশকির জন্য সপ্তাহে এক দিন কিটোকোনাজল-সমৃদ্ধ মেডিকেটেড অ্যান্টিডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন। বাকি ছয় দিন চুলের ধরন অনুযায়ী স্বাভাবিক শ্যাম্পু বেছে নিন।

মাথার ত্বকে ব্রণ

গরমের মৌসুমে এ সমস্যায় ভোগেন অনেকেই। দুই মুঠো নিমপাতা ও এক মুঠো তুলসীপাতা পানিতে জ্বাল দিয়ে ঠাণ্ডা করে নিন। দুই ভাগে ভাগ করে নিন। এক ভাগের সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে কাচের বোতলে করে ফ্রিজে রাখুন। অন্য ভাগ স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। গোসলের এক ঘণ্টা আগে স্কাল্পে এই মিশ্রণ স্প্রে করুন। তারপর স্বাভাবিক নিয়মে গোসল করে ফেলুন। এ ছাড়া সপ্তাহে এক দিন আধাকাপ মিশ্রণের সঙ্গে সিকি কাপ টক দই ও দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগান। নিয়মিত ব্যবহারে স্কাল্প আর চুল দুটিই হেসে উঠবে।

টিপস

♦ চুল আঁচড়াতে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। দিনে অন্তত দুইবার সব চুল উল্টে আঁচড়ান।

♦ রোদ থেকে চুল বাঁচাতে সব সময় ব্যাগে ক্যাপ বা ছাতা রাখুন। সুতি স্কার্ফও ব্যবহার করতে পারেন।

♦ মাইল্ড হারবাল শ্যাম্পু ব্যবহার করুন।

♦ পর্যাপ্ত পরিমাণ পানি ও পানীয় পান করুন। স্কাল্পের সুস্থতায় মৌসুমি টাটকা ফল, শাকসবজি ও দই রাখুন খাদ্যতালিকায়।