চার বছর পর…

দীর্ঘ চার বছর পর বিজ্ঞাপনে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের পণ্য চাষী’র এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মেজবাউর রহমান সুমন। টেলিভিশনের জন্য নির্মিত এই বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যাবে জয়াকে। চলতি মাসের ৫ তারিখে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন এ অভিনেত্রী।

সর্বশেষ ২০১৪ সালে বিজ্ঞাপনে কাজ করেন জয়া। রানার গ্রুপের কাইট মোটরসাইকেলের সেই বিজ্ঞাপনটি নির্মাণ করেন মাহফুজ আহমেদ। তবে সম্প্রতি মডেল মৌ-এর সঙ্গে ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর একটি ফটোশুটে অংশ নিয়েছেন জয়া।

জয়া বলেন, ‘নাটক, বিজ্ঞাপন, সিনেমা- সবকিছুই ভাল লাগে। যে কাজটি মনে ধরবে- আমি সেটাই করি। এই বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছি। অনেকদিন পর আবার টিভিসি করলাম। আশা করি, ভিন্ন কিছু হবে।’

আসছে ১০ আগস্ট কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া অভিনীত টালিউডের বড় বাজেটের ছবি ‘ক্রিসক্রস’। এটির পরিচালক বিরসা দাশগুপ্ত। জয়া ছাড়াও এতে অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় চার অভিনেত্রী।

উল্লেখ্য, একটা সময় ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন জয়া। অসংখ্য বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি অভিনয় করেছেন একাধিক নাটকে। এরপর হঠাৎই চলচ্চিত্রে পথচলা শুরু। বাংলাদেশ ও কলকাতায় সমান তালে অভিনয় করে ব্যবসা সফল ছবি উপহার দিয়ে হয়েছেন জনপ্রিয়।