সন্তানের খাবারের ব্যবস্থা করতে গিয়ে নীতি বিসর্জন দেওয়া বাবা’র পাশে দাঁড়িয়েছে একটি চেইন সুপার শপ। ফেসবুকে ভাইরাল হওয়া সেই বাবার হাতে গতকাল রোববার চাকরির নিয়োগপত্র তুলে দেয়া হয়। বাচ্চার দুধের জন্য বাবার এমন কাজে সামাজিক দায়বদ্ধতা থেকেই চাকরি দেয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি।
গেলো শুক্রবার রাত ৯টায় চেইন সুপার শপ স্বপ্নের খিলগাঁও আউটলেটে ঘটে যায় এক চমকপ্রদ ঘটনা।
বাবা শব্দটি কোনো সন্তানের জন্য কত বড় নির্ভরতার হতে পারে, তার নতুন গল্প তৈরী হলো শহরে। ওই রাতে ১১ মাস বয়সী শিশু সন্তানের ক্ষুধা মেটাতে, দিশেহারা এক বেকার বাবা আশ্রয় নিলেন অসদুপায় অবলম্বনের। কাউকে না বলে নান ওয়ান নামের এক দুধের কৌটা নিয়ে সরে পড়েন তিনি। উত্তেজিত জনতার হাতে পড়লে পুলিশের হস্তক্ষেপে রেহাই পান সেই বাবা।
পরবর্তীতে খিলগাঁওয়ের পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম তার ফেসবুকে বিষয়টি শেয়ার করে সবার নজরে আনেন ঘটনাটি। রোববার সন্ধ্যায় সেই বাবার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালো স্বপ্ন কর্তৃপক্ষ। প্রধান কার্যালয়ে তাকে নিয়োগ দেয়া হয় এক্সিকিউটিভ পদে।
অনুতপ্ত সেই বাবা জানালেন, সন্তানের মুখের কথা ভেবে তিনি কাণ্ডজ্ঞান হারিয়েছিলেন। সন্তানের জন্য বাকি জীবনও কাটাবেন সততার সাথে। অনুতপ্ত সেই বাবা বলেন, ‘অনেকদিন বেকার ছিলাম। প্রেসার নিতে পারছিলাম না। যেটা আমি চাইনি, হেতায়েত জ্ঞান না থাকায় সেটি করে ফেলেছি। এর জন্য আমি লজ্জিত।’
স্বপ্ন জানায়, মানবিক বিবেচনা থেকেই বাবার পাশে দাঁড়ানো তাদের। এখন সময় সেই বাবার সততা প্রমাণের। স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘এমন ঘটনা মর্মস্পর্শী। এখন সেই বাবাকে সততা এবং দক্ষতা দিয়ে ক্যারিয়ারে এগোতে হবে।’ দক্ষতার সাথে কাজ করলে স্বপ্নের কোনো কর্মী তাকে কখনোই কটু কথা বলবে না বলেও সাফ জানিয়ে দেয় প্রতিষ্ঠানটি।
