‘গরিবের ডাক্তার’ হিসেবে খ্যাত দেশের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটু আর নেই। গুরুতর হার্ট অ্যাটাকে আজ শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
গত বুধবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন ডা. লিটু। পরদিন বৃহস্পতিবার সকালে তাঁকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে আনা হয়।
হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. মাহবুবর রহমান গণমাধ্যমকে বলেন, বুধবার রাতে ডা. লিটুর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তখন থেকেই তাঁর অবস্থা সংকটাপন্ন ক্রিটিক্যাল ছিল। গতকালের তুলনায় আজকের অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছিল। একপর্যায়ে আমরা তাঁকে লাইফ সাপোর্টে নিয়ে যাই। সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আজ দুপুরে ডা. লিটু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. লিটু স্ত্রী, ৭ থেকে ১২ বছর বয়সী তিন শিশু, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ বাদ মাগরিব উত্তরা ১৩ নম্বর সেক্টরের মসজিদে অনুষ্ঠিত হয়।
গরিবের ডাক্তার হিসেবে খ্যাত অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটু উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ছিলেন। তিনি বিভিন্ন দাতব্য ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বরাবরই তিনি গরীব ও অসহায় রোগীদের প্রাধান্য দিতেন। এ লক্ষ্যেই গঠন করেছিলেন পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
