চলতি মাসের শেষের দিকে দু’টি শৈত্যপ্রবাহ

উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। দিনের বেলা হালকা গরম থাকলেও প্রথম সন্ধ্যা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। চলতি শীত মৌসুমে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে এসেছে।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সকাল ১১টার দিকে সারাদেশের সঙ্গে নির্ণয় করে সর্বনিম্ন তাপমাত্রা বলে রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষের দিকে দু’টি শৈত্যপ্রবাহ আসতে পারে। তার মধ্যে একটি মাঝারি ও অপরটি মৃদু। এর আগে সরেজমিনে দেখা গেছে, শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় তাপমাত্রা কয়েকগুণ নেমে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বাংলানিউজকে বলেন, উত্তরের এ জনপদে তাপমাত্রা কমতে শুরু করেছে। রোববার সকাল ৯টার দিকে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়া।

অপরদিকে, শনিবার (১১ ডিসেম্বর) এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে চলতি ডিসেম্বর মাসের শেষের দিকে দুইটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলেও এ কর্মকর্তা জানান।