সোমবার প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে নির্মিতব্য নতুন ছবি ‘জ্যাম’-এর মহরত অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে কেক কেটে ছবিটির যাত্রা শুরু করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
মহরত অনুষ্ঠানে তারানা হালিম জানান, চলচ্চিত্র পরিবারের দাবি ই-টিকিটিং ব্যবস্থা চালু করা। আমরা সেই দাবি মেনে নিলাম। খুব শিগগিরই বাংলা চলচ্চিত্রে ই-টিকিটিং ব্যবস্থা চালু হচ্ছে।
তিনি আরো বলেন, চলচ্চিত্রকে দুর্নীতি মুক্ত করতে এবং প্রদর্শক, পরিবেশকদের বাঁচাতে শিগগিরই ই-টিকেটিং চালু করতে যাচ্ছি। এদিকে বিটিভির ডিজিটালিজেশন চালুর জন্য এরইমধ্যে একটি প্রকল্প শুরু হয়েছে। পাশাপাশি বিটিভি থেকেও পুরস্কার প্রদান চালু করতে যাচ্ছি।
সরকারিভাবে তথ্য মন্ত্রণালয় থেকে প্রতিবছর চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রদান করা হয়। সেখানে আগামীবার থেকে শিক্ষানবিশ নির্মাতারা চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পাবেন। অনুদানের ক্যাটাগরিতে শিক্ষানবিশ নির্মাতাদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তারানা হালিম আরো বলেন, আমরা ইতোমধ্যে তথ্য অধিকার আইন ২০০৯, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪, সাংবাদিক সহায়তা ও ভাতাপ্রদান নীতিমালা ২০১২, চলচ্চিত্র নির্মাণ নীতিমালা, কেবল নেটওয়ার্ক লাইসেন্স পরিচালনার নীতিমালার কাজ করেছি।
প্রতিমন্ত্রী বলেন, ১০৫ একর জমির উপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণের প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। এছাড়া চলচ্চিত্র শিল্পের সকল সুবিধা প্রদানের জন্য একটি অনুরোধ পত্র বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেখানে উল্লেখ করেছি, চলচ্চিত্রকে শিল্পের সকল সুবিধা প্রদানের জন্য।
এদিকে ছবির মহরতে নিজের বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মান্না অনেক জনপ্রিয় অভিনেতা ছিলেন। কিন্তু মধ্যগগন থেকে তিনি ঝরে পড়েছেন। আজকের দিনে তার মতো অভিনেতার দরকার ছিল। সিনেমা হতে পারে মানুষের জীবন গঠনের অন্যতম হাতিয়ার। ‘জ্যাম’ যেন তেমনই একটি ছবি হয়, সেই কামনা থাকল।
