বহুদিন ধরে অন্তর্জালে থাকার পরে প্রকাশ্যে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বুধবার দুপুরে হঠাৎ করেই ফেসবুক ও ইউটিউবে পপির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তিনি শিল্পী সমিতির ক্ষমতাসীন একজনকে ইঙ্গিত করে বেশ কিছু অভিযোগ করেছেন। এ সময় তাকে কাঁদতেও দেখা গেছে।
পপি বলেন, ‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসবো না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। বর্তমান শিল্পী সমিতির একটি মাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, আমার মতো রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। আমাদেরকে ব্যবহার করে যে এই চেয়ারটিতে বসেছে- সেখানে বসেই বিভিন্ন রকমের অপকর্মের চেষ্টা করেছে। কিন্তু আমরা গুটিকয়েক তাতে সায় দেইনি। যে কারণে আজকে আমি ভিক্টিম।’
সদস্যপদ বাতিলের জন্য চিঠি দেয়া হয়েছে উল্লেখ করে এই নায়িকা বলেন, ‘এতো বছর কাজ করার পর এমন আচরণ শিল্পীর জন্য অপমানের। ওই চিঠি যখনই পেয়েছি, তখনই সিদ্ধান্ত নিয়েছি- এই নোংরামির মধ্যে আর আমি যাবো না।’ তবে পরিবেশ ভালো হলে পপি আবারও চলচ্চিত্রে ফিরবেন বলে জানিয়েছেন ভিডিও বার্তায়।
চলচ্চিত্র শিল্পীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যে ভুলটা করেছি, দয়া করে আপনারা সেই ভুলটা করবেন না। চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচব। আমরা পরিবর্তন চাই, কাজ চাই। সে জন্য আমার কাছে মনে হয়েছে, আমাদের পরীক্ষিত সৈনিক কাঞ্চন ভাই, নিপুণ, রিয়াজদের একটা সুযোগ দেওয়া উচিত। ভালো কাজের জন্য, তারা অন্তত শিল্পীর মূল্যায়ন করবে।’
