চট্টগ্রামের ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে আতুরার ডিপো এলাকার ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা এখনো ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ওই গুদামে আগুন লাগে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও গুদাম মালিকদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে। আগুনে শুধু ঝুট নয়, লাখ লাখ টাকার শীতের তৈরি পোশাকও পুড়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, আতুরার ডিপো এলাকায় একসঙ্গে অন্তত ১১টি ঝুট কাপড়ের গুদাম রয়েছে। এরমধ্যে অন্তত পাঁচটি গুদাম পুড়ে গেছে। শুরুতে তিন তলা একটি ভবনের ঝুট গুদামে আগুন লাগে। পরে আশপাশে থাকা অন্য গুদামগুলোতেও তা ছড়িয়ে পড়ে। ঝুট কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। গুদামগুলোতে কোনো অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। আশপাশে পানির উৎসও ছিল না। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুন নিয়ন্ত্রণে তিনটি স্টেশনের সাতটি ইউনিট কাজ করেছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনো বলা যাচ্ছে না। পুরোপুরি কাজ শেষ করার পর ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হবে।