চঞ্চলের প্রেমে জয়া

বাংলাদেশে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’। ছবিটি প্রযোজনা করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান সি তে সিনেমা। নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘মিসির আলি’ চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’কে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অনম বিশ্বাস।

ছবিটি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন জয়া আহসান। উপন্যাসের ‘রানু’ চরিত্রে পর্দায় অভিনয় করেছেন তিনি। আর এতে মিসির আলীর চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

এ চরিত্রে চঞ্চলকে দেখার পর তার প্রেমে পড়েছেন জয়া। প্রকাশ্যেই সেই কথা স্বীকার করলেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে ঈদের জন্য নির্মিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমিস্ট্রি’ তে অংশ নিয়েছিলেন জয়া-চঞ্চল।

নওশীন নাহরিন মৌ-এর উপস্থাপনায়, রুম্মান রশীদ খান-এর গ্রন্থনায় নির্মিত হয়েছে ঈদের জনপ্রিয় এ সেলিব্রেটি অনুষ্ঠান। জানা যায়, জয়া ও চঞ্চলের মধ্যকার রসায়ন আবিষ্কার করা হয়েছে পুরো অনুষ্ঠান জুড়ে।

অনুষ্ঠানে জয়া বলেন, এর আগে অভিনেতা চঞ্চলকে অবশ্যই পছন্দ করতাম। ভালো লাগতো তার অভিনয়। তবে ‘মিসির আলি’ চরিত্রে তাকে অভিনয় করতে দেখে আমি সত্যি সত্যি চঞ্চলের প্রেমে পড়ে গিয়েছি।

অন্যদিকে চঞ্চল চৌধুরীও বলেন, ‘প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘রানু’ চরিত্রটি দুই বাংলায় এত সংবেদনশীলভাবে জয়া ছাড়া অন্য কোনো অভিনেত্রী চরিত্রের প্রতি সুবিচার করতে পারতেন না’।

এসময় নিজেদের পছন্দের বায়োপিকের কথাও জানাবেন জয়া-চঞ্চল। এ বিষয়ে জয়া বলেন, তাকে নিয়ে বায়োপিক নির্মিত হলে সেখানে তিনি নিজেই অভিনয় করতে চান। তবে অন্য কোনো ব্যক্তির চরিত্রে যদি অভিনয় করতে বলা হয়, জয়া শহীদ জননী জাহানারা ইমামের চরিত্রে অভিনয় করার সাহস করতে চান।

চঞ্চল চৌধুরীর এ ক্ষেত্রে পছন্দ প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরীদি। ফরীদিকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হলে সে চলচ্চিত্রে চঞ্চল অভিনয় করতে চান বলে জানান।