ঘূর্ণিঝড়-বৃষ্টি নিয়ে এবার নতুন যে বার্তা দিল আবহাওয়া অধিদফতর

ঘূর্ণিঝড় ফণীর পর টানা নয় দিনের দাবদাহ। মাঝে দুদিন কালবৈশাখী ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি। কিন্তু শুক্রবার ঝড়-বৃষ্টির কবলে দেশের কয়েক জেলায় প্রাণহানির ঘটনা ঘটে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, শনিবারও (১৮ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বৃজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের যে অংশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটাও অব্যাহত থাকতে পারে। আবার কিছু অংশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ি টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দাবদাহ বয়ে গেলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে।

ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে। আগামী তিন দিন এ অবস্থার কোনো পরিবর্তন হতে নাও পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৭, কুষ্টিয়ার কুমারখালীতে ৩৭ দশমিক ৪, রাজশাহীতে ৩৭ দশমিক ৫, খুলনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।