গৌরব-নবনীতা’র একগুচ্ছ গান

গান নিয়ে দেশের বাইরে বন্ধুত্ব গৌরবের সাথে নবনীতার। অতঃপর একসাথে যুথবদ্ধ জীবন। দু’জনা বিভিন্ন সময় একাধিক স্টেজে গেয়েছেন। মাতিয়েছেন দেশ বিদেশের দর্শক। দীর্ঘজীবনে সেইসব সুরগুলো এক এক করে জমেছে বেশ। আর লাবিক কামাল গৌরব নিজের কম্পোজিশনের ক্ষেত্রে বরাবরই এক ধরনের ইস্ট ওয়েস্ট আর ক্লাসিকালের মিশ্রণ ঘটান। পাশপাশি বাউল সাধকদের জীবনচরিত নিয়ে তার গবেষণার অভ্যেস বহুদিনের। অন্যদিকে স্ত্রী নবনীতার গানের পরিচয় ছাড়িয়ে গিয়েছে তার টিভি স্ক্রীনে জনপ্রিয় টকশোতে। অথচ তারা গানেরই ছিলেন আছেন থাকবেন।

সম্প্রতি জিপি মিউজিক থেকে নবনীতার কণ্ঠে ‘আহারে সোনালী বন্ধু’ টাইটেলে একটি গান প্রকাশ পেয়েছে। যা খুব অল্প সময়ে কয়েক লক্ষাধিক শ্রোতাদের নজর কেড়েছে। তবে ইউটিউবের এই হাওয়াই গানের বাজারে এই গুণী সঙ্গীত যুগল এবারে একগুচ্ছ নতুন গানের অ্যালবাম নিয়ে আসছেন। অ্যালবামটি আসছে জি সিরিজের ব্যানারে।

গৌরব বলে, ‘লালন, হাসন রাজা, রবীন্দ্রনাথের গানসহ বিভিন্ন মেজাজের গান থাকছে আমাদের এই অ্যালবামে।’

নতুন গান নিয়ে তাদের আগামী পরিকল্পনা প্রসঙ্গে নবনীতা বলেন, ‘এখন নিয়মিত গান উপহার দেবার পরিকল্পনা রয়েছে। স্টেজেও গাইবার জন্য চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছি।’ তাই নতুন কিছু গান আর মঞ্চে তাদের মুগ্ধতা নেবার জন্য শ্রোতাদের অপেক্ষার দিন শেষ হচ্ছে।