সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানীমূলক ষ্ট্যাটাস দেয়া আর আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০জন আহত হয়েছে। এ সময় ৩৫টি ঘরে ভাংচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) কাশিয়ানীর কলসি ফুকরা গ্রামে বিকাল থেকে প্রায় চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান ঘটনারটি নিশ্চিত করে জানিয়েছেন, বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, অধিপত্য বিস্তার নিয়ে কলসি ফুকরা গ্রামের দেলোয়ার হোসেন দুলু সরদার ও এস এম আবু বক্কার সরদারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানীমূলক স্ট্যাটাস দিলে দুই জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে বিকাল থেকে দু’পক্ষের লোকজন নানান দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষের প্রায় ৩৫টি ঘর ভাংচুর করা হয়।
এ খবরে উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা দায়ের করেনি।
