বলিউডের তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও দারুণ সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন রাজি খ্যাত তারকা। এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী।
সবশেষ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়। এরপর নিজের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিংয়ে গিয়ে ছোট বেলার ক্রাশ রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। শুধু তাই নয় দুজনের বিয়ের কথাবার্তাও চলছে। কিন্তু, জীবনে প্রথম কোন সম্পর্কে জড়িয়েছিলেন আলিয়া?
এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, স্কুলে পড়ার সময় মাত্র ১৭ বছর বয়সে প্রথম প্রেম আসে তার জীবনে। ওই সময়েই তিনি প্রথম চুম্বন করেন। কিন্তু এক বছরের মাথায় যখন সম্পর্ক ভেঙে যায় তখন হতাশ হয়ে পড়েছিলেন এ অভিনেত্রী। এক সাক্ষাতকারে নিজ মুখেই এসব কথা স্বীকার করেছেন আলিয়া।
আলিয়া আরো বলেন, প্রথম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু, এরপর গঙ্গা দিয়ে অনেক জলই গড়িয়ে গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি। যার মধ্যে বরুণ ধাওয়ান এবং অর্জুন কাপুরের নাম উঠে আসে।
তবে সেই সম্পর্কের মেয়াদও বেশিদিন হয়নি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়েই বি টাউনে জোর জল্পনা শুরু হয়। তবে শোনা যায়, পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে সখ্যতা হওয়ার জন্যই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গন্ডগোল শুরু হয় আলিয়ার।
আর সেই সময়ই আলাদা হয়ে যায় দু’জনের পথ। তবে শুধু আলিয়া নন, সম্পর্কে থাকাকালীন সিদ্ধার্থও নতুন সম্পর্কে জড়িয়েছিলেন। ওই সময় শ্রীলঙ্কান বিউটি জ্যাকুলিন ফার্নান্দেজ-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সিদ্ধার্থ।
তবে জ্যাকুলিনের সঙ্গে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই বলে একাধিকবার দাবি করেছেন সিদ্ধার্থ। পাশাপাশি জ্যাকুলিনকেও এ বিষয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি।
