গেইল-ডি ভিলিয়ার্স আসছেন যেদিন

আসন্ন বিপিএলকে সামনে রেখে প্রস্তুতিতে নেমে পড়েছে অধিকাংশ দল। এর মধ্যে বাদ যায়নি সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সও। ইতিমধ্যে হেলস, রুশোর মতো তারকারা মিরপুরে অনুশীলনে নেমে পড়েছে।

তবে রংপুরের প্রথম দিনের প্র্যাকটিস সেশনে উপস্থিত থাকতে পারেননি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এখনও ঢাকায় পা না রাখায় প্র্যাকটিসে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, শেলডন কট্রেল আর দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ টুর্নামেন্ট শুরুর দিনই, ৫ জানুয়ারি দুপুর আড়াইটায়। প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। গেইল আসবেন ৫ জানুয়ারি সকালে। রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান রনি আজ প্র্যাকটিস চলাকালীন সময়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে এবি ডি ভিলিয়ার্সকে এখনই পাচ্ছে না রংপুর। ঢাকাপর্ব শেষ করে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেটপর্ব। দক্ষিণ আফ্রিকান ব্যাটিং মায়েস্ত্রো যোগ দেবেন সিলেটে।

সিলেটে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি। স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে রংপুর। এই ম্যাচেই হয়তো মাঠ কাঁপাতে দেখা যাবে প্রোটিয়া দলের সাবেক অধিনায়ককে।সূত্র স্পোর্টসআওয়ার টোয়েন্টিফোর